ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে দারুণ ব্যাটিং করা যশস্বী জয়সওয়ালকে কেন্দ্র করে একটি ভিডিওচিত্র বানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে দেখা যায়- ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়ালকে বলছেন, ‘আমাদের বোলারদের এত মেরো না।’
ভারতের প্রথম ইনিংসে করা ৫ উইকেটে ৫১৮ রানের মধ্যে ১৭৫ রানই আসে জয়সওয়ালের ব্যাট থেকে। ২৩ বছর বয়সী বাঁহাতি ওপেনারের এটি ১৫০+ রানের পঞ্চম ইনিংস। বয়স ২৪ পূর্ণ হওয়ার আগে এতসংখ্যক দেড়শোর্ধ্ব রানের ইনিংস আছে শুধু দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথের।
ভিডিওতে দেখা যায়, জয়সওয়াল লারাকে জিজ্ঞাসা করেন, ‘কেমন আছেন স্যার?’ লারা তাকে আলিঙ্গন করে ভালো আছেন জানিয়ে জয়সওয়ালেরও কুশল জানতে চান। এরপরই লারা জয়সোয়ালকে বলেন, ‘আমাদের বোলারদের এত মেরো না।’ লারা কথাটা যে মজার ছলে এবং প্রশংসা করেই বলেছেন, সেটা বুঝতে পেরে বিনয়াবনত জয়সোয়াল হাসতে হাসতে বলেন, ‘আমি শুধু চেষ্টা করছি।’ এরপর তাকে শুভকামনা জানিয়ে চলে যান লারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

