ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে জমজমাট এক রাত দেখলো দর্শকরা। বিশেষ করে পেনাল্টি মিসের ঘটনায়। এক রাতেই পেনাল্টি মিস করেছেন চার তারকা ফুটবলার- আর্লিং হাল্যান্ড, ক্রিস্টিয়ানো রোনালদো, ফেরান তোরেস ও মাতেও রেতেগুই। অবশ্য এই চারজনের দলই জিতেছে। নরওয়ে, পর্তুগাল ও স্পেনের পাশাপাশি দারুণ এক জয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইতালি।
ইসরায়েলের বিপক্ষে ম্যাচটিতে ৫-০ গোলের বড় জয় পেয়েছে নরওয়ে। ম্যাচের ষষ্ঠ মিনিটে পেনাল্টি মিস করলেও হ্যাটট্রিকে দলকে দারুণ জয় এনে দেন হাল্যান্ড। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে এখন সর্বোচ্চ ১২ গোল হাল্যান্ডের। সেই সঙ্গে নরওয়ের জার্সিতে ৫১ গোল করে দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষস্থান পোক্ত করলেন ম্যানচেস্টার সিটি তারকা। সবচেয়ে কম ম্যাচ খেলে দেশের হয়ে ৫০ গোলের মাইলফলক ছুঁলেন হাল্যান্ড।
এই জয়ে বাছাইপর্বে ছয় ম্যাচের ছয়টিতেই জিতে শতভাগ সাফল্য ধরে রেখেছে নরওয়ে। গ্রুপ ‘আই’-তে ইতালির চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে আছে। ১৯৯৮ সালের পর ফের বিশ্বকাপ খেলার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে নরওয়ে। কাগজে–কলমে সুযোগ আছে ইতালিরও। অন্য ম্যাচে তারা এস্তোনিয়াকে হারিয়েছে ৩–১ গোলে। তাদের গোল করেছেন মইসে কিন, মাতেও রেতেগুই ও ফ্রান্সিসকো এস্পোসিতো। ৫ ম্যাচে ইতালির ১২।
এদিকে, রোনালদোর পেনাল্টি মিসের পরেও শেষ মুহূর্তের গোলে আয়ারল্যান্ডকে ১–০ ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। ম্যাচের যোগ করা সময়ে একমাত্র গোলটি করেছেন রুবেন নেভেস। গ্রুপে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে পর্তুগাল। গ্রুপ ‘এফ’–এর অন্য ম্যাচে আর্মেনিয়াকে ২–০ গোলে হারিয়েছে হাঙ্গেরি।
পর্তুগালের মতো টানা তিন ম্যাচে জিতেছে স্পেনও। গতকাল রাতে জর্জিয়াকে স্পেন হারিয়েছে ২–০ গোলে। স্পেনের হয়ে গোল করেছেন ইয়েরেমি পিনো ও মিকেল আরিজাবাল। এই জয়ের ফলে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে স্পেন। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ২ নম্বরে তুরস্ক; রাতের অন্য ম্যাচে তারা বুলগেরিয়াকে হারিয়েছে ৬–১ গোলে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

