প্রেমাদাসায় প্রথম ওয়ানডে আজ

নতুন অধিনায়কে নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ

নতুন অধিনায়কে নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ

শ্রীলঙ্কা সফরের বিমান ধরার আগ মুহূর্তে ওয়ানডে অধিনায়কত্ব ওঠে মেহেদি হাসান মিরাজের কাঁধে। দায়িত্ব নিয়ে দেশের জন্য সেরাটা দিয়ে খেলার কথা জানিয়ে দেশ ছাড়েন তারা। লঙ্কার বিমান ধরার আগে মিরপুরে বলে যাওয়া কথা এখন কতটুকু রাখতে পারেন-সেটাই দেখার অপেক্ষা। আজ বেলা ৩টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি শুরু করবে লাল-সবুজ প্রতিনিধিরা। চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতা ঘুচিয়ে বাংলাদেশের ‘নতুন’ শুরুটা কেমন হয়সেটাই এখন দেখার অপেক্ষা।

বিজ্ঞাপন

অতীত পরিসংখ্যান সাক্ষ্য দেয়, ওয়ানডে সংস্করণে শ্রীলঙ্কার চেয়ে অনেক পিছিয়ে আছে বাংলাদেশ দল। শুধু তা-ই নয়, ‘প্রিয়’ সংস্করণে গত দুবছরে বাংলাদেশ নেই ছন্দে। পাশাপাশি ওয়ানডেতে বদল করা হয়েছে অধিনায়কত্বের ব্যাটন। সাম্প্রতিক ছন্দে পরিবর্তন আনতেই হয়তো এই অধিনায়কত্বে বদল। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের এই সিরিজেই প্রমাণিত হবে সেই পরিবর্তন কতটা কার্যকর হবে। নতুন অধিনায়কের অধীনে নতুন মিশনে পুরোনো দুই মুখ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে পাচ্ছে না বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফি শেষে ওয়ানডে থেকে অবসর নিয়েছেন তারা দুজনেই। ফলে তাদের বদলি হিসেবে কারা সুযোগ পাবেন একাদশে, সেটাও দেখার অপেক্ষা এ সিরিজে।

রিয়াদের শূন্যস্থান পুরুণে স্কোয়াডে আছেন শামীম পাটোয়ারী। লম্বা সময় পর ওয়ানডে স্কোয়াডে ডাক মিলেছে তার। মুশফিকের বদলি হিসেবে নতুন কারো অবশ্য ডাক পড়েনি। তার জায়গায় ব্যাটিং অর্ডারে হয়তো প্রমোশন হবে অধিনায়ক মিরাজের। এরচেয়ে বড় প্রশ্ন-ওপেনিংয়ে কে হবেন তানজিদ তামিমের সঙ্গী। চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে না থাকা লিটন ঢাকা প্রিমিয়ার লিগে বলার মতো কোনো পারফর্ম না করেই দলে ডাক পেয়েছেন। এ ছাড়া আছেন সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে দারুণ ছন্দে থাকা পারভেজ হোসেন ইমন ও নাঈম শেখ। চার ওপেনারের লড়াইয়ে হয়তো শেষ পর্যন্ত তানজিদ তামিমের সঙ্গী হতে পারেন লিটনই। ডিপিএলে তিনে খেলা লিটন যদি জাতীয় দলের জার্সিতে একই জায়গায় ব্যাটিং করেন, সেক্ষেত্রে নাঈম হবেন তানজিদের ওপেনিং পার্টনার।

সেক্ষেত্রে সদ্য সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাট করবেন চার নম্বরে। পাঁচে নামবেন তাওহিদ হৃদয়। আর নতুন অধিনায়ক মিরাজের জায়গা হবে ৬ নম্বরে। লোয়ার মিডল অর্ডারে নিয়মিত দারুণ খেলা জাকের আলী অনিকের ব্যাটিং পজিশন হবে ৭। লোয়ার অর্ডার, অর্থাৎ বোলিং ইউনিটে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কাদের ওপর ভরসা করবে, তা একরকম চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। ইনজুরি-ফেরত দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান অবধারিতভাবেই থাকবেন একাদশে। স্পিন আক্রমণে অধিনায়ক মিরাজের সঙ্গে থাকবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। স্পিন বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও ছোট ছোট ক্যামিও খেলতে পারদর্শী তিনি। ফলে ব্যাটিং অর্ডারে ৮ নম্বরে নামবেন তিনি। চতুর্থ বোলার হিসেবে একাদশে জায়গা পাওয়ার লড়াইয়ে থাকবেন হাসান মাহমুদ ও নাহিদ রানা। এই লড়াইয়ে হাসান মাহমুদের উতরে যাওয়ার সম্ভাবনাই বেশি। পুরোনো বলে দারুণ রিভার্স সুইং করাতে পারার সামর্থ্যই তাকে একাদশে থাকার দৌড়ে এগিয়ে দিচ্ছে।

সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, নাঈম শেখ, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন