নারী হ্যান্ডবলে আনসার চ্যাম্পিয়ন

নারী হ্যান্ডবলে আনসার চ্যাম্পিয়ন

রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। এ প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করেছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। পল্টন শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী স্টেডিয়ামে গতকাল সোমবার ফাইনালে আনসার ৩৫-২৯ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। প্রথমার্ধে আনসার ১৭-১২ গোলে এগিয়ে ছিল। ১৯৮৩ সালে শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অনুষ্ঠিত ৩৬টি আসরের মধ্যে বেশির ভাগ জাতীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। এবারের আসরসহ সব মিলিয়ে সংস্থাটি চ্যাম্পিয়ন হলো ২৪ বার।

ফাইনালের প্রথমার্ধে একটু হাড্ডাহাড্ডি লড়াই হলেও সময় যত গড়িয়েছে আনসারের অভিজ্ঞতার কাছে হার মেনেছে পুলিশ। বিশেষ করে শেষ দিকে পুলিশের খেলোয়াড়দের স্ট্যামিনা একেবারেই কমে যেতে দেখা গেছে। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ পুলিশের খেলোয়াড় রুবিনা ইসলাম।

বিজ্ঞাপন

এর আগে স্থান নির্ধারণী ম্যাচে ঢাকা জেলাকে ৩৪-২২ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে পঞ্চগড় জেলা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জাতীয় নারী হ্যান্ডবলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয়েছে ট্রফির পাশাপাশি ২৫ হাজার টাকা অর্থ পুরস্কার। এছাড়া রানার্স আপ দল পেয়েছে ১৫ হাজার, তৃতীয় স্থান ১০ হাজার টাকা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘যারা আজকে বিজয়ী হয়েছেন তাদের অভিনন্দন। যারা খেলায় অংশ নিয়েছেন আজ তাদের সমাজে নারীর যে অবস্থান এটা জেনে না জেনেই আপনারা একটা ভূমিকা রাখছেন। আজ এখানে যখন আসি, খেলা দেখতে দেখতে মনে হলো আমরা দায়িত্ব নেওয়ার পর দুটো জায়গায় নারী ফুটবল খেলা বন্ধ করা হয়েছিল। আমরা সিদ্ধান্ত নিয়ে ওই দুটো জায়গায় মেয়েদের খেলার আয়োজন করে দিলাম। ফলে গ্রামের নারীরা খেলায় অংশ নিতে পারল।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন