ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানেই চার-ছক্কার ফুলঝুরি আর রানের পাহাড়। আইপিএল হলে তো কথাই নেই। কোনো দল কত রান তুলতে পারে চলে যেন সেই প্রতিযোগিতা। ভারতীয় এ ঘরোয়া টুর্নামেন্টে এবারও চলছে রানের সৌধ গড়ার লড়াই। দেখার অপেক্ষা যেন একটাই- টি-টোয়েন্টি ম্যাচে কোনো দল ৩০০ রানের স্কোর গড়তে পারে কি না। সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের প্রথম ম্যাচেই কাছাকাছি পৌঁছে গিয়েছিল। সবাই ধরেই নিয়েছিল, ৩০০ রান হতে যাচ্ছে এ ম্যাচে।
আইপিএলে রান নিয়ে এমন মাতামাতি মেনে নিতে পারছেন না ক্যাগিসো রাবাদা। রান উৎসব দেখার প্রবণতার সমালোচনা করে দক্ষিণ আফ্রিকার এ তারকা পেসার বলেই দিয়েছেন, ক্রিকেটের নতুন নামকরণ হতে পারে ‘ব্যাটিং’, ‘আপনি চাইলে আমাদের এই খেলাকে ক্রিকেট না বলে ব্যাটিং বলেও ডাকতে পারেন। কিছু রেকর্ড ভাঙতেই পারে। এটা নিয়ে আমার আপত্তি নেই। হাই-স্কোরিং ম্যাচগুলো ভালো, কিন্তু একই কথা লো-স্কোরিং ম্যাচেও বলা যায়। কিন্তু আপনি সবকিছু নাটকীয়ভাবে একপাক্ষিক করতে পারেন না। ব্যাট আর বলের মধ্যে একটা ভারসাম্য দরকার।’
ক্রিকেটে ব্যাটিং ও বোলিংয়ের মধ্যে ভারসাম্য প্রয়োজন বলে মনে করেন রাবাদা, ‘খেলাটিকে কোনো একভাবে এগোতেই হবে, তবে আমি মনে করি না যে এটি সব সময় ফ্ল্যাট উইকেটে হওয়া উচিত, যেখানে প্রতিটি ম্যাচে একই ধরনের ফল আসবে। এতে মজাটাই নষ্ট হয়ে যাবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

