উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শোকে ডুবে আছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। এ ঘটনায় গভীর শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সোমবার (২১ জুলাই) এক বিবৃতিতে বিসিবি লিখেছে, 'ঢাকার মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীরভাবে শোকাহত। বিসিবি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। এই ভয়াবহ ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের জন্য আমাদের প্রার্থনা এবং সমবেদনা রইল।' এ ঘটনায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে কালো ব্যাজ ধারণ করে মাঠে নামবে দুদল।
বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের বিবৃতি, 'উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। যেসব শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহত সকলের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি। এই শোকের মুহূর্তে আমরা নিহত ও আহতদের পরিবারের সকল সদস্য এবং বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছি।'
এর আগে, সোমবার (২১ জুলাই) বেলা ১টার দিকে রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (ফাইটার জেট) বিধ্বস্ত হয়। উত্তরা মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে এই দুর্ঘটনা ঘটে। আইএসপির জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। এই ঘটনায় একজন নিহত ও একাধিক আহতের খবর পাওয়া গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

