আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) দ্বিতীয় আসরকে সামনে রেখে খেলোয়াড় ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের আট ক্রিকেটার। তাঁদের মধ্যে আছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমানের মতো অভিজ্ঞ তারকারা। পাশাপাশি তালিকায় জায়গা পেয়েছেন তানজিদ হাসান তামিম, নাহিদ রানা, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেন।
এবারের ড্রাফটে বিশ্বের বিভিন্ন দেশের এক হাজারেরও বেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে তালিকায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস, গুদাকেশ মোতি ও আলজারি জোসেফ। ইংল্যান্ড থেকে নাম লিখিয়েছেন লুক উড, রিস টপলি ও জেমস ভিন্স। শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গাও আছেন ড্রাফটে।
প্রথমে গত ২৭ সেপ্টেম্বর ড্রাফট আয়োজনের পরিকল্পনা থাকলেও তা স্থগিত করা হয়। নতুন সূচি অনুযায়ী, আগামী ২৪ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে খেলোয়াড় বাছাইয়ের এই প্রক্রিয়া। আর টুর্নামেন্টের দ্বিতীয় আসর মাঠে গড়ানোর সম্ভাব্য তারিখ ২৭ ডিসেম্বর।
এপিএলের পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে তিনটির মালিকানা ইতিমধ্যে নিশ্চিত হয়েছে। বাকি দুটি দলের মালিকানা চূড়ান্ত না হওয়ায় ড্রাফট পিছিয়ে দেওয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। তবে এ বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ড্রাফটে নাম নিবন্ধন করলেও আট বাংলাদেশি ক্রিকেটারের কেউ দল পাবেন কি না, তা জানা যাবে চূড়ান্ত বাছাইয়ের পর। তাঁদের অংশগ্রহণ নিশ্চিত হলে আফগানিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও বাড়বে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

