লিজেন্ডস বিশ্ব চ্যাম্পিয়নশিপ

এনামুলের ঘূর্ণিতে ভারতকে হারাল বাংলাদেশ

এনামুলের ঘূর্ণিতে ভারতকে হারাল বাংলাদেশ

টানা তিন ম্যাচের পরাজয়ে বিপর্যস্ত বাংলাদেশ চ্যাম্পিয়ন অবশেষে জয়ের দেখা পেল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে লিজেন্ডস বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারত চ্যাম্পিয়নকে ৩ রানে হারিয়েছে তারা। স্বল্প পুঁজি নিয়েও বোলারদের দাপটে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে বাংলাদেশ। টপ অর্ডারের ব্যর্থতায় শুরুটা ভালো হয়নি দলের। তবে রনি তালুকদারের আক্রমণাত্মক ব্যাটিং ইনিংসে গতি এনে দেয়। ২৫ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৪০ রান করেন তিনি। মাঝের ওভারগুলোতে নাসির হোসেনের ২৪ এবং আরাফাত সানির ৩৭ রান বাংলাদেশকে লড়াই করার মতো পুঁজি এনে দেয়। ভারতের হয়ে পীযূষ চাওলা তিনটি উইকেট নেন। ঋষি ধাওয়ান ও পবন নেগি পান দুটি করে উইকেট।

১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ভারত। আবু জায়েদ রাহির বোলিংয়ে ২৪ রানের মধ্যেই প্রথম দুটি উইকেট হারায় তারা। পাওয়ারপ্লের মধ্যেই কামরুল ইসলাম রাব্বির শিকার হন যুবরাজ সিং। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে শুরু করে বাংলাদেশ।

ভারতের ব্যাটিং লাইনআপে সবচেয়ে বড় ধাক্কা দেন এনামুল হক জুনিয়র। মাত্র ৩ ওভারে ১২ রান দিয়ে চার উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে কার্যত কোণঠাসা করে ফেলেন এই বাঁহাতি স্পিনার। একপর্যায়ে ৮৮ রানেই ৮ উইকেট হারিয়ে বসে ভারত।

তবে শেষ দিকে পবন নেগি ও পীযূষ চাওলার প্রতিরোধে ম্যাচ জমে ওঠে। অবিচ্ছিন্ন নবম উইকেট জুটিতে ৫০ রান যোগ করেন তাঁরা। পবন ২৬ ও পীযূষ ২৪ রানে অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৮ রানেই থামে ভারতের ইনিংস।

বাংলাদেশের হয়ে এনামুলের চার উইকেটের পাশাপাশি রাহি নেন দুটি উইকেট, খরচ করেন ২৬ রান। গুরুত্বপূর্ণ সময়ে বোলারদের এই পারফরম্যান্সেই তিন ম্যাচের পরাজয়ের ধারা ভেঙে জয়ের মুখ দেখল বাংলাদেশ চ্যাম্পিয়ন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...