ফেভারিট যারা

ফেভারিট যারা

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ থেকে শুরু হচ্ছে মিনি বিশ্বকাপখ্যাত চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর। হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া এই টুর্নামেন্টে বসবে তারার হাট। এই টুর্নামেন্টে কারা শিরোপা জিতবে কিংবা কারা ফেভারিট হিসেবে বিবেচিত হচ্ছেন সেটা নিয়েই চলছে নানা জল্পনা-কল্পনা। একেকজন একেকভাবে ফেভারিট হিসেবে বিভিন্ন দলকে বিবেচনা করছে। সেই অনুযায়ী সেমিফাইনালে ওঠার পথে সবচেয়ে বেশি এগিয়ে আছে ‘এ’ গ্রুপ থেকে ভারত ও নিউজিল্যান্ড। অন্যদিকে ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠতে পারেন এমন সম্ভাবনায় এগিয়ে আছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

চ্যাম্পিয়নস ট্রফির ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় এই গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠার সম্ভাবনায় এগিয়ে থাকবে ভারত ও নিউজিল্যান্ড। কেন তাদের এগিয়ে রাখা হচ্ছে সেই ব্যাখ্যায় অবশ্য চ্যাম্পিয়নস ট্রফির আগে সবশেষ সিরিজের উদাহরণ টানা যায়। এই টুর্নামেন্টের আগে ঘরের মাঠে ইংলিশদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের স্মৃতিকে সঙ্গী করে মাঠে নামবে ভারত। এ ছাড়া দলটিতে তরুণ বেশ কয়েকজন পারফর্মার থাকায় তাদের এগিয়ে রাখাটাই যুক্তিসংগত। অন্যদিকে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ত্রিদেশীয় সিরিজের অপরাজিত চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। চ্যাম্পিয়নস ট্রফির আগ মুহূর্তে পাকিস্তানের মাটিতে পাওয়া এই সাফল্য কিউইদের এগিয়ে দিচ্ছে। গত বছরের নভেম্বরে শেষ ওয়ানডে ম্যাচ খেলা বাংলাদেশ টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি ম্যাচে করতে পারেনি বলার মতো পারফরম্যান্স। তাতে আন্ডারডগ হিসেবে বাংলাদেশকে বিবেচনা করা হচ্ছে। ত্রিদেশীয় সিরিজে আশানুরূপ পারফর্ম না করা পাকিস্তানকেও রাখা হচ্ছে বিবেচনার বাইরে। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা- তাই ফেভারিট তকমা পাওয়া দলগুলোর পা হড়কালে অবাক হওয়ার কিছু থাকবে না।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়নস ট্রফির আরেক গ্রুপ ‘বি’ থেকে সেমিফাইনালে ওঠার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সঙ্গে উচ্চারিত হচ্ছে আফগানিস্তানের নামও। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কন্ডিশনের খুব একটা পার্থক্য না থাকায় আফগানদের একটু এগিয়ে রাখাই যায়। নিজ দেশে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ না পাওয়া আফগানরা হোম ভেন্যু হিসেবে আমিরাতকে ব্যবহার করে। সে কারণেই একটু বাড়তি সুবিধা পেতে পারে আফগানরা। পাশাপাশি দলটিতে আছে দারুণ স্পিনার। যারা কিনা একা হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড নিজেদের সবশেষ ওয়ানডে সিরিজে হারলেও পিএসএলের সুবাদে দল দুটির ক্রিকেটারদের কাছে পাকিস্তানের কন্ডিশন বেশ পরিচিত। সে কারণেই বাড়তি সুবিধা পেতে দল দুটি। অন্যদিকে পাকিস্তানের মাঠে সবশেষ ত্রিদেশীয় সিরিজে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি দক্ষিণ আফ্রিকা। তাই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেভারিটের সমীকরণে খানিকটা পিছিয়ে রয়েছে তারা। তবে মনে রাখতে হবে এই টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন্স হয়েছিল কিন্তু দক্ষিণ আফ্রিকাই!

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন