খেলা চলাকালে প্রেসিডেন্ট বক্সে এম নাজমুল ইসলামের দিকে ফারুক আহমেদ আঙুল তাক করা একটি ছবি ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। বর্তমানে এম নাজমুল ইসলামের সঙ্গে অন্য বোর্ড পরিচালকদের শীতল সম্পর্কের কথা একরকম ওপেন সিক্রেট। এর মধ্যেই এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ায় হচ্ছিল নানান ধরনের আলোচনা। এ নিয়ে আজ নিজের বক্তব্য তুলে ধরেন বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট। যিনি নিজেও ওই সময় উপস্থিত ছিলেন, এমনকি ছবিতে দেখা গিয়েছিল তাকেও।
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ব্যাখ্যায় খালেদ মাসুদ পাইলট বলেন, ‘আপনারা একটা ছবি দেখেছেন মোটামুটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আমি, আমার ক্যাপ্টেন ফারুক ভাই এবং নাজমুল ভাই—তিনজন পরিচালক মিলে প্রেসিডেন্ট-বক্সে কথা বলছিলাম, এমন একটা ছবি ভাইরাল হয়েছে।’
‘যে ছবিতে মনে হচ্ছে নাজমুল ভাইকে ফারুক ভাই খুব বাজেভাবে কিছু কথা বলছেন। এরকম কিছুই না। নাজমুল ভাই ওখানেই বসেছিলেন এবং আমি তার নিচে বসেছিলাম। তো আমরা তার আগেই তো কিছু কথা হয়েছে অন্যান্য কথা হয়েছে।’
সেখানে কী ধরনের কথা হচ্ছিল সেটা ব্যাখ্যা করে পাইলট যোগ করেন, ‘ফারুক ভাই আসার পরেই ফারুক ভাই ও নাজমুল ভাইয়ের মধ্যে কথা হচ্ছিল আমরা আগের দিন রংপুরে গিয়েছিলাম। রংপুর মাঠের ভবিষ্যৎ পরিকল্পনা কী আছে, কী হতে পারে সেগুলো নিয়ে আলাপ করছিলাম। তখন আমি গিয়ে তার সঙ্গে কথা বলি। কিন্তু আলটিমেটলি কোনো নেগেটিভ কোনো নিউজ না, কোনো কিছুই হয় নাই।’
তিনি আরো যোগ করেন, ‘কিন্তু ছবিটাকে এমনভাবে মিন করা হয়েছে যে নাজমুল ভাইকে কিছু বলা ছাড়া…। দুজনেই আমার শ্রদ্ধেয় ব্যক্তি। আমার মনে হয় যে আমার কাছ থেকে বা ফারুক ভাই কোনো ধরনের কথা হয় নাই, কুরুচিপূর্ণ বাক্য হয়নি। আমরা নিজেরা নিজেরা আলোচনা করছিলাম কেমন হতে পারে রংপুর মাঠটা বা ভবিষ্যৎ কী।’
তিনি আরো যোগ করেন, ‘রংপুর অনেক ক্রিকেটার তুলে এনেছে। তারা প্রাপ্য (মাঠ ঠিক করা)- এগুলো নিয়ে কথা হচ্ছিল। সবাই বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আমি নিশ্চিত এই জিনিসটাকে আপনারা ভুল ভাবে দেখবেন না। অনেকে হয়তো ভুল নিউজ করছেন।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

