হারারেতে রানবন্যার ফাইনালে ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে যুব বিশ্বকাপের ষোড়শ আসরের শিরোপা জিতেছে ভারত। অফ স্পিনার কানিস্ক চৌহানের ইয়র্কার লেংথ ডেলিভারিতে ক্যালেব ফ্যালকনারের উইকেট পড়ে যেতেই উল্লাসে ফেটে পড়ে ভারতীয় শিবির। টিভি আম্পায়ারের সবুজ সংকেতের পর নিশ্চিত হয়—ইংল্যান্ডের প্রতিরোধ শেষ, চ্যাম্পিয়ন ভারত।
এর আগে ব্যাট হাতে ফাইনালের মঞ্চে ইতিহাস গড়েন ১৪ বছর বয়সী বাঁহাতি ওপেনার বৈভাব সূর্যবংশী। অবিশ্বাস্য এক ইনিংসে ১৫ চার ও ১৫ ছক্কায় ৮০ বলে ১৭৫ রান করেন তিনি। তার সঙ্গে অধিনায়ক আয়ুশ মাত্রেরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন—৫১ বলে ৫৩ রান। তাদের ব্যাটিং তাণ্ডবে ৫০ ওভারে ৯ উইকেটে ৪১১ রান তোলে ভারত, যা যুব বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
জবাবে ইংল্যান্ডের হয়ে লড়াই চালান বেন ডকিন্স ও ক্যালেব ফ্যালকনার। ওপেনার ডকিন্স করেন ৫৬ বলে ৬৬ রান, আর পাঁচ নম্বরে নেমে ফ্যালকনার খেলেন ঝড়ো সেঞ্চুরি—৬৭ বলে ১১৫ রান। তবে তাদের শতরানও দলকে জয়ের কাছে নিতে পারেনি। ৪০.২ ওভারে ৩১১ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।
দুই দল মিলিয়ে ৭২২ রান এই ম্যাচে—যুব ওয়ানডে ক্রিকেটে যা নতুন রেকর্ড। আগের সর্বোচ্চ ছিল ২০১১ সালে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে ৭১৪ রান।
ফাইনালের সেরা খেলোয়াড় হন সূর্যবংশী। তার ১৭৫ রানের ইনিংসটি বয়সভিত্তিক কিংবা সিনিয়র—পুরুষ বা নারী—যেকোনো আইসিসি টুর্নামেন্টের ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। পুরো আসরে সাত ইনিংসে ৪৯৯ রান করে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ও জিতেছেন এই বিস্ময়-বালক।
এর মধ্য দিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা জিতল ভারত। ১৯৯৮ সালের পর আর শিরোপা না জিততে পারা ইংল্যান্ডের অপেক্ষা বাড়ল আরও একবার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

