প্রথম সেশনে দারুণ ব্যাটিং করেন এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম অনিক। এই সেশনে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। তবে ব্যতিক্রম চত্রি দ্বিতীয় সেশনে। এই সেশনে ৩ ব্যাটারকে হারিয়েছে স্বাগতিক দল।
সাদমানের সঙ্গে উদ্বোধনী জুটিতে ১১৮ রান তোলার পর দ্বিতীয় সেশনের শুরুতেই বিদায় নেন বিজয়। ব্লেসিং মুজারাবানির শিকারে পরিণত হওয়ার আগে ৩৯ রান করেন এই ডানহাতি ব্যাটার। বিজয় ফেরার পর টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নেন সাদমান।
এই বাঁহাতি ওপেনারের ইনিংস থামে ১২০ রানে। তার ১৮১ বলের ইনিংসটি সাজানো ছিল ১৬ চার ও এক ছয়ের মারে। তার পরের বলেই সাজঘরে হাঁটেন মমিনুল হক সৌরভ। ব্যক্তিগত ৩৩ রানে ওয়েলিংটন মাসাকাদজার বলে বেন কারানের হাতে ক্যাচ দেন সাবেক অধিনায়ক। দুই চারের পাশাপাশি একটি ছয় মারেন তিনি।
মমিনুলের বিদায়ে দলীয় ১৯৪ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। যদিও প্রথম ইনিংসে লিড নেওয়ার খুব কাছে আছে ফিল সিমন্সের শিষ্যরা। টস জিতে আগে ব্যাট করতে নেমে ২২৭ রানে শেষ হয় জিম্বাবুয়ের প্রথম ইনিংস। অতি নাটকীয় কিছু না হলে অতিথিদের এই রান টপকে যাবে বাংলাদেশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

