আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বদলে গেল হকির ভেন্যু-সূচি

স্পোর্টস রিপোর্টার

বদলে গেল হকির ভেন্যু-সূচি

আগামী ২৮ মার্চ থেকে এশিয়ান গেমস হকির বাছাই পর্ব শুরু হওয়ার কথা ছিল ওমানের মাসকাটে। কিন্তু ইরান-আমেরিকা যুদ্ধে মধ্যপ্রাচ্য অস্থিতিশীল অবস্থায় রয়েছে। হামলা হয়েছে ওমানেও। এ কারণে এশিয়ান গেমসের বাছাই টুর্নামেন্টের ভেন্যু ওমান থেকে সরিয়ে নিয়েছে এশিয়ান হকি ফেডারেশন। এখন বাছাই পর্বের খেলা হবে থাইল্যান্ডে।

বিজ্ঞাপন

শুধু ভেন্যুই বদলে যায়নি। সঙ্গে টুর্নামেন্টের সূচিও বদলে গেছে। ২৮ মার্চের বদলে এখন বাছাই পর্বের খেলা শুরু হবে ২ এপ্রিল। টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ায় বাংলাদেশ দল রওনা হবে ৩১ মার্চ। আগের সূচি অনুযায়ী লাল-সবুজ প্রতিনিধিদের যাওয়ার কথা ছিল ২৫ মার্চ। ভেন্যু ও সময় পরিবর্তন হলেও অংশগ্রহণকারী দল ৯টিই থাকছে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান। ৯ দলের মধ্য থেকে বাছাই করা সেরা চার দল সেপ্টেম্বরে জাপানে এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে।

নিজেদের লক্ষ্য নিয়ে বাংলাদেশ জাতীয় দলের কোচ আশিকুজ্জামান বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালোভাবে চলছে। বাংলাদেশ এ টুর্নামেন্টে বেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে। আমরা এবারও ভালো ফলাফলের লক্ষ্যে টুর্নামেন্ট খেলতে যাব।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন