সিলেট টেস্টে হেরে এখন ব্যাকফুটে বাংলাদেশ। টাইগারদের চোখ এখন সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া পরের ম্যাচটি জিতে সিরিজ বাঁচাতে চায় দেশের ক্রিকেটাররা। লক্ষ্যকে সামনে রেখে আজ চট্টগ্রামে পৌঁছেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র দল।
প্রথম টেস্টের দল থেকে দুটি পরিবর্তন এসেছে। চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দুর্দান্ত ফর্মে থাকা উদ্বোধনী ব্যাটার এনামুল হক বিজয় চট্টগ্রাম টেস্টের দলে ডাক পেয়েছেন। দল থেকে বাদ পড়েছেন জাকির হাসান। অন্যদিকে ডানহাতি ফাস্ট বোলার নাহিদ রানার বদলে দলে ডাকা হয়েছে বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলামকে।
প্রথম টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটে জিতে ফুরফুরে মেজাজে রয়েছে জিম্বাবুয়ের ক্রিকেটাররা। দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ট্রফি নিজেদের করতে চান ক্রেইগ আরভিনরা। এ লক্ষ্যে টাইগারদের সঙ্গে চট্টগ্রামে পা রেখেছেন অতিথি ক্রিকেটাররাও।
জিম্বাবুয়েকে জেতাতে সামনে থেকে নেতৃত্ব দেন ব্লেসিং মুজারাবানি। প্রথম ইনিংসে ৩ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে এই দীর্ঘদেহী পেসারের শিকার ৬ উইকেট। সব মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মুজারাবানি।
বিপরীতে দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ। বিশেষ করে ওপেনিং জুটিতে সবচেয়ে বেশি ভুগতে হয়েছে স্বাগতিকদের। শান্ত, মমিনুল হক ও জাকের আলি ছাড়া আর কোনো ব্যাটার অতিথি বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। বোলাররাও পারেনি আহামরি কিছু করতে। মিরাজ দুই ইনিংসেই ফাইফার নিলেও সেটা দলের হার এড়াতে পারেনি। এবার সব ব্যর্থতা থেকে বের হয়ে এসে শেষ টেস্টে জিততে মুখিয়ে বাংলাদেশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

