সাকিবকে না রাখার কারণ জানাল বিসিবি

স্পোর্টস রিপোর্টার

সাকিবকে না রাখার কারণ জানাল বিসিবি

দ্বিতীয় দফায় বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করতে ব্যর্থ হন সাকিব আল হাসান। মূলত এজন্য এই তারকা ক্রিকেটারকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু।

বোলিং অ্যাকশন অবৈধ হওয়ায় শুধুমাত্র একজন ব্যাটার হিসেবে খেলার সুযোগ থাকছে সাকিবের জন্য। দ্বিতীয় দফায় গত মাসে চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তিনি। গতকাল সেটার ফল জানায় বিসিবি। এর আগে প্রথমবারের মতো ইংল্যান্ডের বার্মিংহামের ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষায় অবৈধ হন। গত বছর সারের হয়ে ইংলিশ কাউন্টি ক্রিকেট খেলার সময় সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিবকে না রাখার ব্যাখ্যায় লিপু বলেন, ‘সাকিবের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে যে সমস্যা তিনি সেটা থেকে উত্তরণের প্রক্রিয়ায় আছেন। বোলিং পরীক্ষার ফল নেগেটিভ আসার কারণে তিনি এখন কেবলমাত্র একজন ব্যাটার হিসেবে খেলতে পারবেন।’

‘তাই দল নির্বাচন প্রক্রিয়ায় সাকিবের অবস্থান ছিল কেবলমাত্র একজন ব্যাটার হিসেবে। কম্বিনেশন সাজাতে গিয়ে শুধু ব্যাটার হিসেবে আমরা তাকে ১৫ জনের দলে রাখতে পারিনি। যোগ করেন প্রধান নির্বাচক।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন