পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড

পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচেও হার এড়াতে পারল না ম্যান ইন গ্রিনরা। তাদের ৪৩ রানে হারিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। তাতেই হোয়াইট ওয়াশের তিক্ত স্বাদ পেল মোহাম্মদ রিজওয়ানের দল।

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে মাঠ অপ্রস্তুত থাকায় নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। প্রায় দেড় ঘণ্টা পর শুরু হওয়া ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৪২ ওভারে আনা হয়। কার্টেল ওভারের ম্যাচে আগে ব্যাট করতে নেমে ২৬৪ রান জড়ো করে নিউজিল্যান্ড। জবাবে টিম সেইফার্ট ও জ্যাকব ডাফির বোলিং তোপে পড়ে ২২১ রানে অলআউট হয় পাকিস্তান। সফরকারীদের ইনিংসে সর্বোচ্চ ৫০ রান এনে দেন বাবর আজম। রিজওয়ানের অবদান ৩৭ রান। এছাড়া তৈয়ব তাহির ও আব্দুল্লাহ শফিকের ব্যাট থেকে আসে সমান ৩৩ রান। ৩৪ রানে ৫ উইকেট নেন সিয়ার্স। ডাফির শিকার দুটি। ৪০ রান খরচ করেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে মাইকেল ব্রেসওয়েল ও রিস মারিউয়ের ফিফটিতে এই পুঁজি পায় নিউজিল্যান্ড। ৫৯ রান করেন ব্রেসওয়েল। মারিউয়ের ব্যাট থেকে আসে ৫৮ রান। ড্যারেল মিচেল খেলেন ৪৩ রানের ইনিংস। হেনরি নিকোলসের অবদান ৩১ রান। পাকিস্তানের হয়ে ৬২ রানের বিনিময়ে ৪ ব্যাটারকে ফেরান আকিফ জাভেদ।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ২৬৪/৮ (৪২ ওভার); ব্রেসওয়েল ৫৯, মারিউ ৫৮, মিচেল ৪৩; আকিফ ৪/৬২

পাকিস্তান: ২২১/১০ (৪০ ওভার); বাবর ৫০, রিজওয়ান ৩৭, তাহির ৩৩; সিয়ার্স ৫/৩৪

ফল: নিউজিল্যান্ড ৪৩ রানে জয়ী

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন