ওয়েস্ট ইন্ডিজের ঘুরে দাঁড়ানোর মিশন

ওয়েস্ট ইন্ডিজের ঘুরে দাঁড়ানোর মিশন

বার্বাডোজ টেস্টে মাঠের খেলাকে পাশ কাটিয়ে আলোচনায় ছিল বিতর্কিত আম্পায়ারিং। এই ইস্যুতে কথা বলে শাস্তি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি। ম্যাচটিতে স্বাগতিকদের স্মৃতিও ভালো নয়- অস্ট্রেলিয়ার কাছে ১৫৯ রানের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। সিরিজে টিকে থাকার জন্য তাই দ্বিতীয় টেস্টে ন্যূনতম হার এড়াতে হবে তাদের। এমন সমীকরণে সাদা পোশাকের দ্বিতীয় ম্যাচে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। গ্রেনাডার ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

কেনসিংটন ওভালে প্রথম টেস্টের প্রথম ইনিংসে জেডন সিলস ও সামার জোসেফদের বোলিং তোপে পড়ে ১৮০ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাবে ১৯০ রানে গুটিয়ে যায় রোস্টন চেজের দল। ব্যাট হাতে বড় রান না করতে পারলেও প্রথম ইনিংস নিজেদের করে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে তাদের দলগত প্রাপ্তি বলতেই এতোটুকুই। ব্যর্থতা ঘুচিয়ে দ্বিতীয় ইনিংসে জয়ের ভীত পায় অস্ট্রেলিয়া। এ যাত্রায় সফরকারীদের ইনিংস থামে ৩১০ রানে।

বিজ্ঞাপন

প্রথম ইনিংসে চার উইকেটের পর এবার জোসেফের শিকার পাঁচটি। দল হারলেও তাই ব্যক্তিগত পারফরম্যান্সে আলো কেড়েছেন এই পেসার। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে পাল্লা দিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ৩০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪১ রানে অলআউট হয় তারা। তাতেই সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

প্রথম টেস্ট জিতলেও অস্ট্রেলিয়ার একাদশে অন্তত একটি পরিবর্তন একরকম নিশ্চিত। একাদশে ফিরবেন তারকা ব্যাটার স্টিভ স্মিথ। অন্যদিকে ব্যাটিং ব্যর্থতায় পরিবর্তন আসার সম্ভাবনা আছে ওয়েস্ট ইন্ডিজের একাদশেও। সেক্ষেত্রে কার কপাল পুড়বে সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে ম্যাচ শুরুর আগ পর্যন্ত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন