অবিশ্বাস্য প্রত্যাবর্তন

শীর্ষস্থান পুনরুদ্ধার করল বার্সা

শীর্ষস্থান পুনরুদ্ধার করল বার্সা

বিজ্ঞাপন

স্প্যানিশ লা লিগার চলমান আসরের শিরোপা জেতার দৌঁড়ে এগিয়ে থাকার জন্য অ্যাতলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যকার লড়াইটা মহাগুরুত্বপূর্ণ ছিল। যে লড়াইয়ে বেশিরভাগ সময় পিছিয়ে ছিল কাতালানরা। জেগেছিল পরাজয়ের ঘোর শঙ্কা। যদিও অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ পর্যন্ত ৪-২ জয় তুলে নিয়েছে বার্সা।

আগেরদিন ভিয়ারিয়ালকে হারিয়ে বার্সাকে নামিয়ে টেবিলের শীর্ষে ফেরে রিয়াল মাদ্রিদ। এবার অ্যাতলেটিকোকে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল হান্সি ফ্লিকের শিষ্যরা। ২৭ ম্যাচে তাদের সংগ্রহ ৬০ পয়েন্ট। সমান পয়েন্ট হলেও গোল গড়ে পিছিয়ে দুইয়ে নেমে গেছে রিয়াল। ২৮ ম্যাচ খেলেছে লস ব্লাঙ্কোসরা। ৫৬ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে অ্যাতলেটিকো।

রিয়াদ এয়ার মেট্টোপলিতানোতে বল দখল এবং আক্রমণে নেতৃত্ব দিলেও ৭১ মিনিট পর্যন্ত গোলের দেখা পায়নি বার্সা। বিপরীতে এই সময়ের মধ্যে দুইবার পিছিয়ে পড়ে সফরকারী দল। ৪৫ মিনিটে আলভারেজের গোলে এগিয়ে যায় অ্যাতলেটিকো। ৭০ মিনিটে ব্যবধান বাড়ান সরলথ। এর ঠিক দুই মিনিট পরই প্রত্যাবর্তনের গল্পের শুরুটা করে বার্সা।

রবার্ত লেভানডভস্কির কল্যাণে ব্যবধান কমায় বার্সা। ৭৮ মিনিটে ফেররান তোরেস জালের দেখা পেলে ম্যাচে ফেরে অতিথিরা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লামিনে ইয়ামাল জাল কাঁপালে লিড নেয় জায়ান্টরা। ছয় মিনিট পর অ্যাতলেটিকোর জালের শেষ পেরেক ঠুঁকে দেন তোরেস। তাতেই বড় জয় নিয়ে ফিরেছে স্পেনের সফলতম ক্লাবটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন