প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। এই ইতিহাস গড়ার পাশাপাশি তৃষ্ণা-সাগরিকাদের সামনে এবার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলাও হাতছানি দিচ্ছে। আগামী এপ্রিলে ১২ দল নিয়ে থাইল্যান্ডে হবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্ব। মোট ৩টি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। তবে কোন দল কোন গ্রুপে আর কারা কাদের বিপক্ষে খেলবে- সেটি এখনো চূড়ান্ত হয়নি।
ড্রয়ের জন্য পট চূড়ান্ত হয়েছে। পট ৪-এ পড়েছে বাংলাদেশ। একই পটে আছে জর্ডান ও ভারত। অর্থাৎ তাদের বিপক্ষে বাংলাদেশকে গ্রুপ পর্বে খেলতে হবে না। তিনটি দলই অন্য তিনটি পট থেকে একটি করে দলকে গ্রুপসঙ্গী হিসেবে পাবে। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ এবং সেরা দুই তৃতীয় স্থানধারী খেলবে কোয়ার্টার ফাইনালে। আর সেখান থেকে সেমিফাইনাল হয়ে ফাইনাল।
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের যে ফরম্যাট, এতে বাংলাদেশের সামনে রয়েছে বিশ্বকাপ খেলার হাতছানিও। ২০২৬ ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ হবে পোল্যান্ডে। এই আসরেই প্রথমবারের মতো ২৪টি দল অংশ নেবে। আগের চেয়ে ৮টি দল বেড়ে যাওয়ায় এশিয়া থেকে খেলার সুযোগ পাবে ৪টি দল। আর এই চার দলই চূড়ান্ত হবে এশিয়ান কাপ থেকে। ১২ দলের টুর্নামেন্টে সেমিফাইনালে ওঠা চার দলই পাবে বিশ্বকাপের টিকিট।
সেক্ষেত্রে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ করতে হলে এশিয়ান কাপে শীর্ষ চার দলের মধ্যে থাকতে হবে বাংলাদেশের মেয়েদের। এবার বাছাই পর্বে আট গ্রুপের আট সেরা দল হিসেবে দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, জাপান, চীন, ভারত, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও উত্তর কোরিয়া অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে উঠেছে। প্রতিটি গ্রুপের রানার্সআপগুলোর মধ্যে পয়েন্ট ও গোল ব্যবধানে সেরা তিনে অবস্থান নিশ্চিত করেছে জর্ডান, বাংলাদেশ ও চাইনিজ তাইপে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

