ক্রীড়াপ্রেমীদের অপেক্ষার প্রহর শেষ। আজই মাঠে গড়াচ্ছে বহুল প্রত্যাশিত চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর। ওয়ানডের এ বৈশ্বিক আসর নিয়ে তবু থেমে নেই চুলচেরা হিসাব। ক্রিকেট বিশ্লেষকরা ব্যস্ত আসরের ফেভারিট দল বেছে নিতে। সম্ভাব্য শিরোপা জয়ীর নাম জানিয়ে যাচ্ছেন ক্রিকেট পণ্ডিতরা। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইকেল ক্লার্কের দৃষ্টিতে চ্যাম্পিয়ন হবে ভারত। আর ভারতের সাবেক মারকুটে ওপেনার বীরেন্দ্র শেবাগ টুর্নামেন্টের শ্রেষ্ঠত্ব দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ার হাতে। অনেকে এগিয়ে রাখছেন আয়োজক পাকিস্তানকে।
তবে বাংলাদেশকে হিসাবে রাখতে চাইছেন না সাবেক অনেক ক্রিকেটারই। হ্যাটট্রিক বিশ্বকাপ জয়ের গৌরবের মালিক রিকি পন্টিং এই আসরে বাংলাদেশের তেমন কোনো সম্ভাবনা দেখছেন না। অস্ট্রেলিয়ান এ কিংবদন্তির মতে, আসরে টাইগারদের চেয়ে আফগানরাই ভালো করবে। দক্ষিণ আফ্রিকান ক্রিকেট গ্রেট এবি ডি ভিলিয়ার্স বলছেন, অঘটন ঘটাতে পটীয়সী হলেও আসরে ভালো কিছু করতে পারবে না বাংলাদেশ। পন্টিং ও ডি ভিলিয়ার্সের সুরে কথা বলছেন আরো অনেকে।
তবে তাদের সঙ্গে একমত নন মুরালি কার্তিক। ওয়ানডের এ বিশ্ব আসর মাঠে গড়ানোর আগে বাংলাদেশকে শিরোপার দাবিদারই বলছেন ক্রিকবাজের বিশেষজ্ঞ প্যানেলে থাকা ভারতের সাবেক এ স্পিনার। একদিনের ক্রিকেটের এ মেজর আসরে বীরেন্দর শেবাগ, পার্থিব প্যাটেল, মাইকেল ভন ও দীনেশ কার্তিকদের চোখে আফগানিস্তান ডার্ক হর্স।
কিন্তু বাংলাদেশকে ‘বিপজ্জনক দল’ হিসেবেই অভিহিত করেছেন মুরালি কার্তিক। তার কাছে ডার্ক হর্স আফগানিস্তান নয়, নাজমুল হোসেন শান্তর দল। কিন্তু কেন? তার ব্যাখ্যা নিয়ে মুরালি কার্তিক বলেন, ‘বাংলাদেশ। তারা ভয়ংকর দল।’
শেষ চারে কারা খেলবে? এ প্রশ্নের উত্তরেও বাংলাদেশকে এগিয়ে রেখেছেন মুরালি কার্তিক। সেমিফাইনালে ভারতের সঙ্গী হিসেবে বাংলাদেশকে দেখতে পাচ্ছেন সাবেক এ ভারতীয় ক্রিকেটার। সেমির অন্য দুই সদস্য হিসেবে রেখেছেন দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে।
এ নিয়ে তিনি বলেন, ‘সেমিফাইনালে উঠবে ভারত ও বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাও আশা করি ভালো খেলবে। আর সঙ্গে অস্ট্রেলিয়া।’ সম্ভাব্য চ্যাম্পিয়ন দলের নাম নিতে গিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের কথাও বলেছেন তিনি।
বাংলাদেশের নিজেদের উদ্বোধনী ম্যাচ খেলবে বৃহস্পতিবার। দুবাইয়ের মাঠে টাইগাররা মিশন শুরু করবে ভারতের বিপক্ষে। পরে কোচ ফিল সিমন্স শিষ্যরা উড়াল দেবে টুর্নামেন্টের মূল ভেন্যু পাকিস্তানের উদ্দেশে। রাওয়ালপিন্ডিতে মোকাবিলা করবে নিউজিল্যান্ড ও পাকিস্তানকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

