আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স জানান, নিউজিল্যান্ডের বিপক্ষে ৩০০ রানের বেশি পুঁজির লক্ষ্যে ব্যাট করবে তার দল। যদিও নিজেদের ক্লাসের হেডমাস্টারের কথাটাকে বাস্তবে রূপ দিতে পারল না বাংলাদেশ। রাওয়ালপিন্ডির ব্যাটিং সহায়ক উইকেটে আগে ব্যাট করে স্কোরবোর্ডে তাদের পুঁজি ২৩৬ রান।
২ ফিফটিতে স্কোরবোর্ডে এই সংগ্রহ দাঁড় করাতে পেরেছে বাংলাদেশ। ৯ চারের সাহায্যে সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। ৭০ স্ট্রাইকরেটে ব্যাট করার পথে ১১০ বল খেলেন অধিনায়ক। এমন ধীরস্থির ইনিংসের জন্য পুরো দায় শান্তকে দেওয়ার সুযোগ নেই। দলীয় ১১৮ রানে ৫ উইকেট হারানোয় দেখেশুনে খেলতে হয়েছে এই বাঁহাতি ব্যাটারকে।
দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন জাকের আলী অনিক। রান আউটের ফাঁদে পড়ার আগে ৫৫ বলে ৩ চারের পাশাপাশি এক ছয় মারেন তিনি। ২৫ বলে ২৬ রান করে ফেরেন রিশাদ হোসেন। এছাড়া বাংলাদেশের ইনিংসে তানজিদ হাসান তামিমের অবদান ২৪ রান। সমান বল খেলেন এই ওপেনার। নিউজিল্যান্ডের হয়ে বল হাতে আলো ছড়ান মাইকেল ব্রেসওয়েল। ১০ ওভারে এই স্পিনারের খরচ ২৬ রান। বিনিময়ে ৪ ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখান তিনি। ৪৮ রানে ২ উইকেট নেন উইল ও রার্ক।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশের ইনিংস: ২৩৬/৯ (৫০ ওভার); নাজমুল হোসেন শান্ত ৭৭, জাকের আলী ৪৫, রিশাদ হোসেন ২৬; মাইকেল ব্রেসওয়েল ৪/২৬, উইল ও রার্ক ২/৪৮
টস: নিউজিল্যান্ড (ফিল্ডিং)
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

