যে কারণে ছাঁটাই হলেন ব্রাজিল কোচ দরিভাল

যে কারণে ছাঁটাই হলেন ব্রাজিল কোচ দরিভাল

ব্রাজিল টিমকে ঠিক গুছিয়ে উঠতে পারেননি। দলে ছিল না কোনো ভারসাম্য। না ছিল কোনো সমন্বয়। যে কারণে মাঠের পারফরম্যান্সে ঠিক নিজেদের মেলে ধরতে পারছিল না সেলেসাওরা। না বিশ্বকাপ বাছাইয়ে। না প্রীতি ম্যাচে। জয়ের ম্যাচেও বেরিয়ে আসত টিমের কঙ্কালসার চেহারা। বাজে পারফরম্যান্সের সেই ডামাডোলের রেশ কাটতে না কাটতেই চির শত্রু আর্জেন্টিনার ঘরের মাঠে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছেন রাফিনহা-ভিনিসিয়াস জুনিয়ররা। তাতেই খবর ছড়িয়ে পড়ে চাকরি হারাতে যাচ্ছেন দরিভাল। গণমাধ্যম আর ভার্চুয়াল জগতে ছড়িয়ে পড়া সেই উড়ো খবরই আলোর মুখ দেখল অবশেষে। ছাঁটাই হয়েছেন ব্রাজিল কোচ। শুক্রবার রাতে ফুটবল গুরু দরিভালকে বরখাস্তের খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

ধন্যবাদ দিয়ে দরিভালকে বিদায় জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবলের অভিভাবক সংস্থাটি। তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়ে দিয়েছে বিবৃতি। তাতে জানানো হয়েছে, দরিভালের উত্তরসূরির সন্ধান চালিয়ে যাবে ব্রাজিল। সিবিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ‘কোচ দরিভাল জুনিয়র আর ব্রাজিলিয়ান জাতীয় দলের দায়িত্বে নেই। ম্যানেজমেন্ট তাকে ধন্যবাদ জানাচ্ছে ও তার ক্যারিয়ারের পথচলার জন্য সাফল্য কামনা করছে। এখন থেকে সিবিএফ তার বদলি খুঁজে নেওয়ার কাজ চালিয়ে যাবে।’

বিজ্ঞাপন

স্বদেশি ক্লাব ফ্ল্যামেঙ্গো ও সাও পাওলোতে কোচিংয়ে দ্যুতি ছড়িয়ে ব্রাজিলের জাতীয় দলের দায়িত্ব পেয়ে যান দরিভাল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে কাজ শুরু করেন ২০২৪ সালের জানুয়ারিতে। ওয়েম্বলিতে ইংল্যান্ডকে ১-০ গোলে ধরাশায়ী করে ব্রাজিলের ডাগআউটে নতুন মিশন শুরু করেন। দুর্দান্ত পারফরম্যান্সের সেই ছন্দটা তার ঠিক পরেই হারিয়ে ফেলেন দরিভাল। বিশ্বকাপ বাছাইপর্বে লিখতে থাকে ব্যর্থতার গল্প। আর কোপা আমেরিকায় ব্রাজিলের অভিযাত্রা থেমে যায় কোয়ার্টার ফাইনালেই। শেষে লিওনেল মেসি-লাউতারো মার্টিনেজ-পাওলো দিবালাহীন আর্জেন্টিনার কাছে হারাতেই চাকরিটাই খোয়ালেন দরিভাল।

দরিভালের কাঁধে জাতীয় দলের দায়িত্ব বর্তাতে অবশ্য নতুন দিনের জন্য প্রহর গুনেছিলেন ব্রাজিলবাসী। কিন্তু এক বছরের বেশি সময় কাটিয়ে ফেলেও দল যে গুছিয়েই উঠতে পারেননি। ছন্দময় আর নান্দনিক ফুটবলের ঐতিহ্য ফেরানোর অপেক্ষাটা আর কিছুতেই শেষ হয়নি ভক্ত-সমর্থকদের। ‘সাম্বা ফুটবল’ কিংবা ‘জোগো বনিতো’ (সুন্দর ফুটবল) ফেরার কোনো আভাসই মেলেনি। দরিভাল ঠিক প্রত্যাশামাফিক ব্রাজিলকে গড়ে তুলতে পারেননি। দলের মধ্যে আনতে পারেননি সুসমন্বয়। যে কারণে জয় কিংবা ড্র করলেও মাঠের লড়াইয়ে নিজেদের সেরা রূপটা ঠিক দেখাতে পারেনি হলুদ জার্সিধারীরা। প্রতিপক্ষ কোচের কাছে দরিভালের রণকৌশল কোনো কাজেই আসেনি না। যে কারণে মাঠের খেলায় ব্রাজিল চেনা রূপে ফিরতেই পারেনি। বারবার খেই হারিয়ে ফেলেছে তারা প্রতিপক্ষের আক্রমণ আর রক্ষণের দৃঢ়তায়।


দরিভালের অধীনে ১৬ ম্যাচ খেলে ব্রাজিল জয় পেয়েছে মাত্র ৭টিতে। অমীমাংসিত থেকে যায় ৬ ম্যাচ। বাকি তিন ম্যাচে হজম করতে হয়েছে হারের তেতো স্বাদ। বাজে পারফরম্যান্সের কারণে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের টিকিট পাওয়ার সম্ভাবনাটাই এক সময় পড়ে গিয়েছিল হুমকির মুখে। সেই পরিস্থিতি এখন অবশ্য বদলে গেছে। কিন্তু লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে ১৪ ম্যাচ খেলে ব্রাজিল জয় পেয়েছে ৬টিতে। হার মেনেছে ৫ ম্যাচে। হারতে হয়েছে বাকি ৩ ম্যাচে। ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিল নেমে গেছে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে। অথচ তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা বাছাই পর্বের চার ম্যাচ হাতে রেখেই নাম লিখে ফেলেছে আগামী বিশ্বকাপে।

মাঠের লড়াইয়ে দরিভালের খেলার পরিকল্পনা ছিল অনেকটাই অকার্যকর। যার সবশেষ প্রমাণ মিলেছে আর্জেন্টিনার ঘরের মাঠে। তারকা ফুটবলারহীন আর্জেন্টিনার কাছে রীতিমতো উড়ে গেছে ‘অসহায়’ ব্রাজিল। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি রণকৌশলের কাছে দরিভালের পুরো পরিকল্পনাই হয়েছে চরম ব্যর্থ। যে কারণে সমালোচনার বিষাক্ত তিরবিদ্ধ করেছে দরিভালের বুকে। গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে গিয়েছিল সমালোচনার ঝড়। যে কারণে চাকরিটা আর ধরে রাখতে পারলেন না দরিভাল।


দরিভালের উত্তরসূরি হিসেবে কার্লো আনচেলত্তিকে জাতীয় দলের কোচ হিসেবে চাচ্ছে ব্রাজিল। কিন্তু এ ইতালিয়ানকে দলে ভেড়ানোটা কঠিনই হবে তাদের জন্য। কেননা ২০২৬ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ আনচেলত্তি। জুন-জুলাইতে ক্লাব বিশ্বকাপে সান্টিয়াগো বার্নাব্যু শিবিরের ডাগআউটে থাকাটাই এখন সবচেয়ে বড় মিশন তার সামনে।

রিয়ালের আনচেলত্তিকে নাও পেতে পারে সিবিএফ। সেজন্য বিকল্প পরিকল্পনা ভেবেই রেখেছে ব্রাজিল। হোর্হে জেসুসকে নিয়ে ‘প্ল্যান বি’ সাজিয়েছে তারা। জেসুস নিয়ে আগ্রহের কারণ ব্রাজিলের ফুটবল সংস্কৃতি সম্পর্কে বেশ জানা শোনা রয়েছে তার। তার চেয়ে বড় কথা, সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে পর্তুগিজ কোচ জেসুসের চুক্তির মেয়াদ চুকে যাবে চলতি মৌসুমেই। তা ছাড়া আলোচনায় রয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের সাবেক ডিফেন্ডার ও ফ্ল্যামেঙ্গো কোচ ফিলিপ লুইসও। শোনা যাচ্ছে আবেল পেরেইরা, রেনাতো গাইচো ও পেপ গার্দিওলার নামও। শেষ পর্যন্ত কে হবেন ব্রাজিল কোচ? সেটাই এখন দেখার।

যে কারণে দরিভালের বিদায়

* আর্জেন্টিনার কাছে ব্রাজিলের বিব্রতকর হার

* দলে সমন্বয়ের অভাব

* মাঠে বাজে পারফরম্যান্স

* দল গুছিয়ে উঠতে না পারা

* বিশ্বকাপ বাছাইয়ে ব্যর্থতা

* কোপা আমেরিকা থেকে আগে-ভাগে বিদায়

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন