সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৬ সালের আসরে দুর্দান্ত সূচনা করেছে ভারত নারী ফুটবল দল। সোমবার গোয়ার মারগাওয়ে পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে গ্রুপ ‘বি’-এর ম্যাচে মালদ্বীপকে ১১-০ গোলে বিধ্বস্ত করেছে স্বাগতিকেরা।
ভারতের বড় জয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন আভেকা সিং। চারটি গোল করেছেন তিনি। এছাড়া প্রিয়াঙ্কা নাওরেম ও করিশমা জোড়া গোল করেন। বাকি গোলগুলো আসে পিয়ারি জাক্সা, দাংমেই গ্রেস ও সঙ্গীতা বাসফোরের পা থেকে।
ফিফা নারী র্যাঙ্কিংয়ে ৬৯ নম্বরে থাকা ভারত শুরু থেকেই ১৬৭ নম্বরে থাকা মালদ্বীপের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। ম্যাচের প্রথম পাঁচ মিনিটেই বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল পায়নি ভারত।
তবে ১১ মিনিটে সঙ্গীতা বাসফোরের ক্রস থেকে প্রিয়াঙ্কা দেবীর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এসিএল ইনজুরি কাটিয়ে দলে ফেরা প্রিয়াঙ্কা কিছুক্ষণ পর নিজের দ্বিতীয় গোলও করেন।
মালদ্বীপ গোলরক্ষকের ভুলে ৩০ মিনিটের আগে স্কোরলাইন ৩-০ করে ভারত। এরপর আভেকা সিংয়ের ফ্রি-কিক এবং অধিনায়ক দাংমেই গ্রেসের গোলে বিরতির আগেই ৫-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।
দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠে ভারতীয়রা। আরও ছয় গোল করে বড় জয় নিশ্চিত করে তারা। আভেকা সিং দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল করেন এবং ম্যাচে মোট ছয়টি গোল অবদানে ভূমিকা রাখেন।
অন্যদিকে পুরো ম্যাচে ভারতের গোলমুখে তেমন কোনো আক্রমণই করতে পারেনি মালদ্বীপ। ভারতীয় গোলরক্ষক পানথোই চানু প্রায় পুরো ম্যাচেই ছিলেন নির্ভার।
রেকর্ড পাঁচবারের সাফ নারী চ্যাম্পিয়ন ভারত নিজেদের পরবর্তী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের মুখোমুখি হবে আগামী রোববার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

