মানিকগঞ্জের ঘিওর উপজেলা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি শ্রমিকবাহী বাস খাদে পড়ে অন্তত ৫০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার পুখুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জের তারাসিমা গার্মেন্টসের শ্রমিকবাহী একটি বাস আরিচার দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ৫০ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
তবে হতাহতের সুনির্দিষ্ট তথ্য কিংবা আহতদের নাম-পরিচয় জানা যায়নি। এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

