বিসিবি নির্বাচনে সিলেট, রাজশাহী আর রংপুর বিভাগ থেকে একজন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। তাতে বোঝা গিয়েছিল এ তিন বিভাগে নির্বাচন হবে না। এবার এর সঙ্গে যোগ হলো ঢাকা বিভাগ। এ বিভাগে তিনজন মনোনয়নপত্র দাখিল করলেও একজনেরটা বাতিল করা হয়েছে। এ বিভাগ থেকে জসিমউদ্দিন খান খসরুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ফলে এ বিভাগ থেকে দুজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তারা হলেন সাঈদ বিন জামান ও এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ। ক্যাটাগরি-১-এ মোট ১৪ জন মনোনয়নপত্র দাখিল করলেও ১৩ জনেরটা বৈধ হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ক্যাটাগরি-২-এ ১৮ জন ও ক্যাটাগরি-৩-এ একজন জমা দিয়েছেন। তাদের সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
ক্যাটাগরি-১-এ ঢাকা বিভাগ থেকে মনোনয়নপত্র জমা দেন সাঈদ বিন জামান, এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ ও জসিমউদ্দিন খসরু। তিনজনের মধ্যে জসিমউদ্দিন খসরুর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। কেন করা হয়েছেÑতা জানানো হয়নি নির্বাচন কমিশন থেকে। রাজশাহী বিভাগ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন মীর শাকরুল আলম সীমান্ত, সিলেট বিভাগ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী, রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সল আমিন। এ চার বিভাগে কোনো প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে পরিচালক নির্বাচিত হয়ে আসবেন। এ দুই বিভাগে মোট ছয়জন মনোনয়নপত্র দাখিল করেছেন। চট্টগ্রাম বিভাগ থেকে নির্বাচনে অংশ নেবেন মিনহাজুল আবেদিন নান্নু, মঈন উদ্দিন চৌধুরী ও শরিফুল ইসলাম অপু। খুলনা বিভাগ থেকে অংশ নিচ্ছেন শফিকুল আলম, শান্তনু ইসলাম ও আব্দুছ সালাম। বরিশাল বিভাগ থেকে এক পদের জন্য নির্বাচন করবেন মিজানুর রহমান ও মুনতাসির আলম চৌধুরী।
ক্যাটাগরি-২ থেকে নির্বাচিত হবেন ১২ পরিচালক। এই ১২ পদের বিপরীতে ১৮ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ ক্যাটাগরিতে নির্বাচন করবেন ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, লুৎফর রহমান, আসিফ রাব্বানী, ফায়াজুর রহমান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, তামিম ইকবাল খান, মোহাম্মদ আমজাদ হোসেন, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, শাহনিয়ান তানিম নাভিন, সাঈদ ইব্রাহিম আহমেদ, সৈয়দ বোরহানুল হোসেন, সাকিফ আহমেদ সালাম, মেজব (অব.) ইমরোজ আহমেদ, মাহমুদ-উর-রহমান।
ক্যাটাগরি-৩ থেকে এক পরিচালক পদের বিপরীতে একমাত্র প্রার্থী সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসবেন। ক্যাটাগরি-১ ও ক্যাটাগরি-৩ মিলিয়ে মোট ছয় বিসিবি পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

