ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দুর্জয় রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মদ মোস্তাকিম নির্বাচিত হয়েছেন।
নূতন মাটিতে আসে ফসলেরই কাল, আঁধার পেরিয়ে আসে আগামী সকাল এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার ছাত্র ইউনিয়নের ঢাবি সংসদের ৩৬তম সম্মেলন ও কাউন্সিল অধিবেশন শুরু হয়। শনিবার অধিবেশনের শেষ দিন সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি মেঘমল্লার বসু এবং সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মাঈন আহমেদ। এতে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি তামজীদ হায়দার ও সহসভাপতি আসিফ জামান।
অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করা হয়। এরপর আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নির্বাচনী কমিটি গঠনের মাধ্যমে নির্বাচনী অধিবেশন শুরু হয়।
দীর্ঘ আলোচনার পর কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে দুটি পদ শূন্য রেখে ২৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান বিদায়ী সভাপতি মেঘমল্লার বসু।
নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মধুসূদন কর্মকার, অর্থী আনজুম, ফাতিন ইশরাক ও সাব্বির হোসেন। সহকারী সাধারণ সম্পাদক হয়েছেন ইসরাত জাহান, ফাহিম ইনতিসার ও জোবায়ের ইবনে ইমাম। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিশকাতুল মাশিয়াত।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

