ম্যাচে কোনো দলই যেন গোলের দেখা পাচ্ছিল না। আক্রমণ আর পাল্টা আক্রমণ রচনা করেও লাভ হচ্ছিল না। শেষে বিরতিতে যাওয়ার তিন মিনিট আগে জালের সন্ধান পেয়ে যায় লেস্টার সিটি। অতিথিরা এগিয়ে গেলেও মোটেই ভড়কে যায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। প্রত্যাবর্তনের দারুণ গল্প লিখে শেষে ২-১ গোলে জয় ছিনিয়ে নিয়েছে জায়ান্ট ক্লাবটি।
নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে শুক্রবার রাতে লেস্টারকে ২-১ গোলে হারিয়েছে ইউনাইটেড। রোমাঞ্চকর এ জয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডের টিকিট কেটেছে কোচ রুবেন আমোরিমের শিষ্যরা। ম্যানইউ জয়সূচক গোলটি পেয়েছে ইনজুরি টাইমে (৯০+৩ মিনিট)।
কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের আমলে শেষ সময়ের গোলে জয় ছিনিয়ে নেওয়ার রীতি গড়ে উঠেছিল ইউনাইটেডে। এ সময়কে ‘ফার্গি টাইম’ বলত সবাই। লেস্টারের বিপক্ষে ফার্গি টাইম’-এর গোলে জিতেছে ম্যানইউ- এমন দাবি করেন অনেকে। কিন্তু ক্লাবটির বর্তমান কোচ আমোরিম অবশ্য সেটা মানতে নারাজ। তার মতে, ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্তও জিততে আত্মবিশ্বাসী ছিল টিম। এ কারণে হাতে ধরা দিয়েছে দারুণ এক জয়। ফার্গি টাইমের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
ম্যাচের ৪২ মিনিটে ইউনাইটেড গোলকিপার আন্দ্রে ওনানার দারুণ এক গোল প্রচেষ্টা রুখে দেন। তবে বল পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি। ফিরতি বলে মাথা ছুঁয়ে জালে বল জড়ান লেস্টারের ফরোয়ার্ড ববি দে কর্ডোভা-রেইড। ৬৮ মিনিটে ইউনাইটেড স্কোর লেভেল করে ফিরতি বল পেয়ে। রাসমুস জয়লুন্দের শট আটকে দেন লেস্টারের গোলকিপার ম্যাডস হারমানসেন। ফিরতি বল পেয়ে জাল কাঁপান ইউনাইটেডের ফরোয়ার্ড জির্কজে।
ইনজুরি টাইমে ফ্রিকিক পেয়ে যায় ইউনাইটেড। ব্রুনো ফার্নান্দেজের উড়িয়ে মারা শটে মাথা ছুঁইয়ে গোল করলেও অফসাইডে ছিলেন হ্যারি ম্যাগুয়ার। কিন্তু সেটা চোখে পড়েনি লাইন্সম্যানের। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি ব্যবহারের সুযোগ অবশ্য ছিল না এফএ কাপের এ রাউন্ডে। তাইতো ক্ষোভ নিয়ে লেস্টার কোচ রুদ ফন নিস্টলরয় বলেন, ‘ফার্গি টাইম নয়, আমরা অফসাইড টাইমে হেরেছি।’
অন্যদিকে বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ ৩-০ গোলে হারিয়েছে ওয়ের্ডার ব্রেমেনকে। ফরাসি লিগ ওয়ানে পিএসজির কাছে ৪-০ গোলে ধরাশায়ী হয়েছে মোনাকো। আর ইতালিয়ান সেরি এ’তে জুভেন্টাস ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে কোমোর মাঠ থেকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

