আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছিলেন কোয়ালিফায়ার খেলতে যাচ্ছেন বিশ্বকাপ নিশ্চিত করতে। পাশাপাশি পাকিস্তানের ব্যাটিংবান্ধব উইকেটের কথা বিবেচনায় রেখে প্রস্তুতি নিয়েছে তার দল। অধিনায়কের ওই কথার সুরে সুর মিলিয়েছেন হেড কোচ সারোয়ার ইমরান। গতকাল দেশ ছাড়ার আগে তিনি জানান, সবগুলো ম্যাচ জিতেই ফিরতে চান।
গতকাল সকালে দুবাই হয়ে পাকিস্তানের উদ্দেশে রওনা হয় বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে সংবাদমাধ্যমের বাছাইপর্বে নিজেদের পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে কথা বলেন কোচ সারোয়ার ইমরান। তিনি বলেন, ‘আমরা এ (পাকিস্তানের উইকেট) ব্যাপারে ওয়াকিবহাল, অনুশীলনে আলাদা করে এই কাজগুলো করেছি। ব্যাটিং উইকেটে কীভাবে বোলিং করতে হবে, বোলিং উইকেটে কীভাবে ব্যাটিং করতে হবে এসব। স্ট্রাইকরেট কীভাবে কী করতে হবে সবকিছুই আমরা অনুশীলন করেছি। এখানে ২৫০ রান প্লাস উইকেট হবে। আমি আশা রাখি আমাদের ব্যাটাররা এটা করতে সক্ষম হবে।’
পরিকল্পনার কথা জানিয়ে জাতীয় দলকে নিজের প্রথম অ্যাসাইনমেন্টের পরিকল্পনা সারোয়ার ইমরান বলেন, ‘পাকিস্তানে পাঁচটা ম্যাচই আমরা ওয়ান বাই ওয়ান জিততে চাই। সেখানে আমাদের সঙ্গে দুটি শক্তিশালী দলের খেলা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান বাদে বাকি দলগুলোকেও আমরা ছোট করে দেখছি না, তবে তাদের বিপক্ষে জিতে কোয়ালিফাই করতে চাই।’
নারী ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক পাকিস্তানের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ থাইল্যান্ড। পাকিস্তানের লাহোর শহরের দুই মাঠ লাহোর সিটি অ্যাসোসিয়েশন ক্রিকেট গ্রাউন্ড ও গাদ্দাফি স্টেডিয়ামে হবে এই টুর্নামেন্ট। আগামী ৯ এপ্রিল শুরু হওয়া এই টুর্নামেন্টের শীর্ষ দুই দল সুযোগ পাবে বিশ্বকাপে খেলার। চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে ভারতের মাটিতে বসবে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপের আসর।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

