এশিয়া কাপ আর্চারিতে রৌপ্যপদক নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে থাইল্যান্ডের ব্যাংককে কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগ থেকে আসতে পারে স্বর্ণপদক। আজ শেষ চারে ভুটানের বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে ২৩২-২২৮ স্কোরের ব্যবধানে জয় পেয়েছে হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদদের নিয়ে গড়া দল।
এ জয়ের সুবাদে স্বর্ণপদক জয়ের লড়াইয়ে ভিয়েতনামকে মোকাবিলা করবে ফাইনালের টিকিট কাটা বাংলাদেশ দল। স্বর্ণপদক নির্ধারণী ফাইনালে হারলে রৌপ্যপদক নিয়েই সন্তুষ্ট থাকতে হবে লাল-সবুজ প্রতিনিধিদের। আর জিতলে তো কথাই নেই, দেশের আর্চাররা জিতে নিতে পারবেন সোনার পদক। তার আগে মালয়েশিয়াকে হতাশ করে সেমিফাইনালে নাম লেখায় বাংলাদেশ।
এর আগে এ টুর্নামেন্টে বাংলাদেশ কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে রৌপ্যপদক জিতেছিল। পদকটি এসেছিল ২০২১ সালে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়া কাপের লেগ ওয়ানে। সেবার বাংলাদেশ সোনার পদক জয়ের লড়াইয়ে ধরাশায়ী হয়েছিল দক্ষিণ কোরিয়ার কাছে।
কম্পাউন্ড পুরুষ দল ফাইনালে উঠলেও নারী দল শেষ চারে ওঠার লড়াইয়ে হার মেনেছে থাইল্যান্ডের কাছে। যদিও বন্যা আক্তার, ঝুমা আক্তার ও কুলসুম আক্তারদের নিয়ে গড়া দলের হারের ব্যবধান মাত্র এক পয়েন্ট। ২৩০ স্কোর করে থাইল্যান্ড স্বর্ণপদক জয়ের লড়াইয়ে পৌঁছে গেছে। আর বাংলাদেশ ২২৯ স্কোর করে ছিটকে যায় লড়াই থেকে।
বাংলাদেশের রিকার্ভ পুরুষ দল দ্যুতি ছড়িয়েও পেরোতে পারেনি শেষ আটের বাধা। আবদুর রহমান আলিফ, রাকিব মিয়া ও রামকৃষ্ণ সাহাদের নিয়ে গড়া দল শক্তিশালী প্রতিপক্ষ ভিয়েতনামকে হারিয়ে শেষ আটে নাম লিখিয়েছে। কিন্তু গতকাল তারা কাজাখস্তানের সামনে দাঁড়াতেই পারেনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

