এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মাঝে দুরন্ত এক জয় পেয়েছিল ইন্টার মিয়ামি। দাপুটে পারফরম্যান্সে লস অ্যাঞ্জেলেসকে ধরাশায়ী করেছিল লিওনেল মেসির ক্লাবটি। ম্যাচটিতে আর্জেন্টাইন এ ফুটবল জাদুকর পেয়েছিলেন জোড়া গোলের দেখা। এরপরই ছন্দ হারিয়ে ফেলেছিলেন সুপারস্টার মেসি। দলের প্রাণভোমরা গোলখরায় ভোগায় ক্লাব ইন্টার মিয়ামিও যেন ভুগে যাচ্ছিল জয়খরায়। পরে পাঁচ ম্যাচ খেলে ফ্লোরিডার ক্লাবটি জয় পেয়েছে মাত্র একটিতে। ভ্যানকুভারের কাছে হেরে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনাল থেকে ছিটকেও গেছে ক্লাবটি।
ক্লাবটির পাঁচ ম্যাচ পর গোলের দেখা পেলেন মেসি। মাঝে ডালাসের বিপক্ষে ম্যাচটি অবশ্য খেলেননি তিনি। মানে চার ম্যাচ পর গোল করলেন মেসি। তাতে তিন ম্যাচ বিরতি দিয়ে জয়ের দেখা পেয়েছে ডেভিড বেকহ্যামের দলটি। রোববার সকালে খারাপ সময়টা পেছনে ফেলে যেন হারানো ছন্দটা ফিরে পেয়েছে মিয়ামি। নিজেদের মাঠ ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে অতিথি নিউইয়র্ক রেড বুলসকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে কোচ হ্যাভিয়ের মাচেরানোর শিষ্যরা।
চার ম্যাচ পর গোলের সন্ধান পেয়ে মেসি অবদান রেখেছেন দলের জয়ে। তার সঙ্গে দলকে গোল উপহার দিয়েছেন লুইস সুয়ারেজ, মার্সেলো ভেইগান্ট ও ফাফা পিকাল্ট। দুরন্ত এ জয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের শীর্ষ চারে উঠে গেছে মিয়ামি।
আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে ফোর্ট লডারডেলের মাঠে প্রতিপক্ষ নিউইয়র্ক রেড বুলসকে নাস্তানাবুদ করে ছাড়ে মিয়ামি। মাঠের লড়াইয়ে লিড নিতে তাই খুব বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি স্বাগতিকদের। ম্যাচের ৯ মিনিটের মাথায় গ্যালারির নিস্তব্ধতা ভেঙে দেন পিকাল্ট। আধঘণ্টা না কাটতেই স্কোরলাইন ২-০ করে ফেলেন ভেইগান্ট। পরে ৯ মিনিট না যেতেই সুয়ারেজ গোল ব্যবধান করে ফেলেন তিনগুণ। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে টানা ৯ ম্যাচ পর জালের দেখা পেলেন উরুগুয়ের সাবেক এই তারকা ফরোয়ার্ড।
টানা তিন গোল হজম করে খেই হারিয়ে ফেলে গতবারের এমএলএস কাপের ফাইনালিস্ট নিউইয়র্ক রেড বুলস। তবে প্রথমার্ধের শেষদিকে খেলায় ফেরার আভাস দেয় সফরকারীরা। ম্যাচের ৪৩ মিনিটে ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড এরিক ম্যাক্সিম চুপো-মোটিং মিয়ামির জাল কাঁপালে প্রত্যাবর্তনের রসদ পায় তারা। তবে বিস্ময়কর কিছু করতে পারেনি রেড বুলস। শেষে মেসি তার ফুটবল জাদুর ঝাঁপি খুলে দেন ম্যাচের ৬৭ মিনিটে। তার গোলে প্রতিপক্ষের ধরাছোঁয়ার বাইরে চলে যায় মিয়ামি। বিরতির পর একমাত্র গোলটি পায় মেসির কল্যাণে।
তালেসকো সেগোভিয়ার সঙ্গে বল বিনিময় করে ঢুকে পড়েন বক্সের মধ্যে। কাতার বিশ্বকাপজয়ী মেগাস্টার মেসি প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে ক্ষিপ্রগতির শটে বল জালে পাঠিয়ে দেন। এ বছর মিয়ামির জার্সিতে ১৩ ম্যাচ খেলে অষ্টম গোলের দেখা পেলেন মেসি। আর তার বর্ণিল ফুটবল ক্যারিয়ারের ৮৫৯তম গোল এটি।
এমএলএস ইস্টার্ন কনফারেন্সে ১০ ম্যাচ খেলে মিয়ামির পুঁজি দাঁড়িয়েছে ২১ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে ২৪ পয়েন্টের সংগ্রহ নিয়ে তালিকার চূড়ায় রাজত্ব করে যাচ্ছে কলম্বাস ক্রু। সমান ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফিলাডেলফিয়া। ১০ ম্যাচে ২২ পয়েন্টে তিনে আছে সিনসিনাটি।
একনজরে ফল
ইন্টার মিয়ামি ৪-১ নিউইয়র্ক রেড বুলস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

