বিসিবি নির্বাচন ঘিরে তৈরি হওয়া সংকটের কারণে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন ক্লাব সংগঠকদের একাংশ। আলোচনার টেবিলে বসে সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এর মধ্যে আজ ঘোষণা হবে আসন্ন ২০২৫-২৬ মৌসুমের চূড়ান্ত সময়সূচি। তৃতীয় বিভাগ লিগ দিয়ে শুরু হবে ঢাকার ক্লাব ক্রিকেট। লিগ শুরুর সিদ্ধান্ত আসলেও নির্বাচন বয়কটকারী সংগঠকরা এখনো খেলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে আদতে খেলা মাঠে গড়াবে কি না, তা নিয়ে জেগেছে শঙ্কা। এমন শঙ্কার মধ্যেও আশাবাদী থাকতে চান ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন।
বিসিবি নির্বাচন ঘিরে তৈরি হওয়া সংকট দ্রুতই সমাধান হওয়া জরুরি বলে মনে করেন অভিজ্ঞ পেসার কামরুল ইসলাম রাব্বি। আমার দেশকে তিনি বলেন, ‘ঢাকা লিগ ক্রিকেটারদের উপার্জনের অন্যতম মাধ্যম। এই লিগ মাঠে না গড়ালে ক্রিকেটারদের রুটি-রুজিতে টান পড়বে। আমার মনে হয়, দ্রুতই সমস্যার সমাধান করে নির্ধারিত সময়ে যাতে লিগ আয়োজন করা হয়।’ রাব্বির মতো অন্য ক্রিকেটারদের চাওয়া, এই সমস্যা দীর্ঘায়িত হয়ে যাতে লিগ আয়োজনে কোনো সমস্যা না হয়। যেহেতু বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সংকট সমাধানের আশ্বাস দিয়ে রেখেছেন, তাই আপাতত ভরসা রাখতে চাচ্ছেন ক্রিকেটাররা।
এ নিয়ে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন আমার দেশকে বলেন, ‘বিভিন্ন খবরে দেখেছি, বোর্ড জানিয়েছে লিগগুলো নির্ধারিত সময়ে। তারা এখনো বলেনি লিগ হবে না। এসব খবরে আশ্বস্ত আছি আপাতত। এখনো কোনো ধরনের আলোচনা হয়নি। এখন পর্যন্ত কোনো টুর্নামেন্ট বন্ধ হয়নি। সবগুলোও মাঠে গড়ানোর সম্ভাবনা আছে। কোন টুর্নামেন্ট মাঠে গড়ানোর সময় পেরিয়ে যায়নি। তাদের ওপর আমাদের সেই ভরসা আছে। ক্রিকেটারদের বিষয়টি দেখভাল করবেন সেটাই আশা রাখছি।’
এখনো বোর্ডে থাকা কোনো পরিচালক কিংবা নির্বাচন বয়কটকারী সংগঠকদের সঙ্গে কোনো আলোচনা হয়নি কোয়াবের। বর্তমানে এনসিএল টি-টোয়েন্টি খেলতে সিলেটে থাকা কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন ঢাকায় ফিরবেন ফাইনাল শেষে। এরপরে বিসিবির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

