উইম্বলডনের ২০২৫ সালের আসরের কোয়ার্টার ফাইনালে পা রেখেছেন টেনিস র্যাংকিংয়ের দ্বিতীয় সেরা তারকা স্পেনের কার্লোস আলকারাজ। তার সঙ্গে শেষ আটের টিকিট কেটেছেন পঞ্চম বাছাই যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজ। মেয়েদের এককে কোয়ার্টার ফাইনালে উঠেছেন র্যাংকিংয়ের ‘নাম্বার ওয়ান’ বেলারুশের তারকা আরিয়ানা সাবালেঙ্কা।
শেষ ষোলোর লড়াইয়ে আলকারাজ হারিয়েছেন আন্দ্রেই রুবলেভকে। চতুর্থ রাউন্ডে ঝড় তোলা রাশিয়ার রুবলেভকে ৬-৭(৫), ৬-৩, ৬-৪, ৬-৪ সেটে হারিয়ে টানা তৃতীয় উইম্বলডন শিরোপার পথে আরো এক ধাপ এগিয়ে গেলেন স্প্যানিশ তারকা। ফ্রিটজ খুব সহজেই হারিয়েছেন জর্ডান থম্পসনকে। ৪১ মিনিটের লড়াইয়ে ৬-১, ৩-০ গেমে এগিয়ে থাকতেই খেলা ছেড়ে দেন থম্পসন। কোয়ার্টারে তার প্রতিপক্ষ কারেন খাচানভ।
মেয়েদের লড়াইয়ে শীর্ষ বাছাই সরাসরি সেটে প্রি-কোয়ার্টার ফাইনালে জিতলেন সাবালেঙ্কা। তিনি ৬-৪, ৭-৬ (৭-৪) গেমে হারিয়েছেন ২৪ নন্বর বাছাই এলিস মার্টিনেজকে। মেয়েদের শেষ ষোলোর অন্য লড়াইয়ে আনাস্থাসিয়া পাভলিউচেঙ্কোভা ৭-৬ (৭-৩), ৬-৪ গেমে হারিয়েছেন সোনাই কার্টালকে। জার্মানির লোরা সিগেমুন্ড ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন সোলানা সিয়েরাকে। কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কার প্রতিপক্ষ লোরা সিগেমুন্ড।
আলকারাজকে কোয়ার্টারে পৌঁছাতে বেশ ঘাম ঝরাতে হয়েছে। শুরুর তিন রাউন্ডে ছন্দে ছিলেন না তিনি। সেটা টের পাওয়া গেল প্রথম সেটেই। ম্যাচের শুরুতেই ৪-১ গেমে এগিয়ে যান রুবলেভ। সেখান থেকে ম্যাচে ফিরতে সময় নেননি আলকারাজ। এই আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মতোই ঘুরে দাঁড়িয়ে টানা ২২তম ম্যাচ জিতে হাসিমুখে কোর্ট ছাড়েন। শেষ আটে তার প্রতিপক্ষ ব্রিটেনের ক্যামেরন নরি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

