ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) শুরুর লক্ষ্যটাই ছিল ইউরোপ সেরা হওয়া। যে লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের মতো ফুটবলারকে দলে টেনেও সঙ্গী হয়েছে ‘ব্যর্থতা’। সবশেষ মৌসুমেও সেই ব্যর্থতার পথ ধরেই আগাচ্ছিল পিএসজি। ২০২৪ সালের ১ ডিসেম্বর পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে পিএসজির জয় ছিল মাত্র একটি, ড্র একটি, হার ৫টি। সেই দলটিই শেষ ১২ ম্যাচের ১০টিতে জয় তুলে প্রতিপক্ষের জালে ৩৫ গোল দিয়ে নামের পাশে খোদাই করেছে ‘চ্যাম্পিয়ন’র তকমা। আলোকোজ্জ্বল এই পথে পিএসজির রূপকথার নায়কের নাম উসমান দেম্বেলে। ২০২৫ সালের ব্যালন ডি’অরের লড়াইয়ে যার নামটাই সবার চেয়ে এগিয়ে।
উসমান দেম্বেলের পিএসজিতে আসাটা বড্ড দুঃসময়ে। স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় অনিয়মিত দেম্বেলের পুনর্জাগরণ হয় ঘরের আঙিনায়। স্পেন ছেড়ে স্বদেশে এসেই নবজাগরণের সুরে উদ্বেলিত হয়ে ওঠেন এই ফরোয়ার্ড। পিএসজির ইউরোপসেরা হওয়ার পথে শেষ ১২ ম্যাচের ১০ জয়ের পথে দেম্বেলে ছিলেন সেরা ছন্দে। টানা দুই হ্যাটট্রিক করেছেন স্টুটগার্ট ও ব্রেস্তের বিপক্ষে। গোল করেছেন ম্যানচেস্টার সিটি, লিভারপুল আর আর্সেনালের বিপক্ষেও। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ৩৫ গোলের সঙ্গে আছে ১৬টি অ্যাসিস্ট। চ্যাম্পিয়নস লিগের এক আসরে সর্বোচ্চ ১২ গোলে অবদান রেখে জিতেছেন মৌসুম সেরা খেলোয়াড়ের পুরস্কারও। সোনালি এক মৌসুম কাটানো দেম্বেলে তাই এগিয়ে আছেন ফিফার বর্ষসেরার কাতারেও।
২০২৪ থেকে ২৫ মৌসুমটা দেম্বেলের জন্য ব্যক্তিগত অর্জনের দিক থেকেও ক্যারিয়ারের সেরা সময়। ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের সঙ্গে জিতেছেন লিগ ওয়ানের সেরা খেলোয়াড়ের পুরস্কার। ২১ গোল করে হয়েছেন শীর্ষ গোলদাতা। চ্যাম্পিয়নস লিগেও হয়েছেন সেরা খেলোয়াড়। দলীয় অর্জনের দিক থেকেও কাটিয়েছেন দুর্দান্ত সময়। চ্যাম্পিয়নস লিগ জয়ের আগে জিতেছেন ঘরোয়া ট্রেবলেও (লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ, ফ্রেঞ্চ সুপার কাপ)। ঘরোয়া ট্রেবলে বিগত দুই মৌসুমেই দাপট পিএসজির। আর দুই মৌসুমেই দুর্দান্ত ফর্মে ছিলেন দেম্বেলে।
ক্লাব ক্যারিয়ারটা চার ক্লাবে কাটিয়েছেন দেম্বেলে- রেঁনে, ডর্টমুন্ড, বার্সা ও পিএসজি। এর মধ্যে রেঁনের হয়ে ২৯ ম্যাচে করেছেন ১২ গোল, ডর্টমুন্ডের হয়ে ৫০ ম্যাচে ১০ গোল আর বার্সার হয়ে ১৮৫ ম্যাচে ৪০ গোল, পিএসজির হয়ে দুই মৌসুমে ৯৪ ম্যাচে ৪১ গোল। দলীয় শিরোপায় পিএসজির হয় ট্রেবল ও চ্যাম্পিয়নস লিগ ছাড়াও ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জয়সহ বার্সেলোনার হয়ে আছে তিনটি লা লিগা, দুটি করে স্প্যানিশ কাপ ও স্প্যানিশ সুপার কাপ। বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে জিতেছেন ১টি জার্মান কাপ। সব মিলিয়ে পিএসজির হয়ে কাটানো দুই মৌসুমই ব্যালন ডি’অর জয়ের দিকে এগিয়ে দিয়েছে দেম্বেলেকে। এবার অপেক্ষার পালা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

