উড়ে গেল মেসির মিয়ামি

উড়ে গেল মেসির মিয়ামি

মাঠের লড়াইয়ে লিওনেল মেসির থাকা মানেই বাড়তি ভরসা। ইন্টার মিয়ামি সব সময় আস্থা রাখে আর্জেন্টাইন এ ফুটবল জাদুকরের ওপর। দলের প্রাণভোমরা নিজে গোল করেন। সতীর্থদের দিয়েও করান গোল। পুরো টিমকে রাখেন উজ্জীবিত। কিন্তু উল্টো চিত্র থাকে প্রতিপক্ষ শিবিরে। তাকে রুখতে প্রতিপক্ষের থাকে আলাদা পরিকল্পনা। মেগাস্টার মেসি মাঠে- মানেই ভয়ে তটস্থ থাকে শত্রুপক্ষ। গতকাল রোববার ফের তার প্রমাণও রাখলেন।

বিজ্ঞাপন

গোলমুখে মেসি নিজে শট মেরেছেন পাঁচটি। আক্রমণে উঠে গোলের সুযোগ তৈরি করেন কম করে হলেও চারটি। সর্বোচ্চ রেটিং পয়েন্ট পেয়ে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে। তারপরও মেসির মন খারাপ। কারণ তো স্বাভাবিক। তার প্রিয় দল ইন্টার মিয়ামি যে হারের তেতো স্বাদ হজম করেছে। মেজর লিগ সকারে (এমএলএস) মিনেসোটা ইউনাইটেডের বিপক্ষে রীতিমতো উড়ে গেছে ৪-১ গোলে। মেসি যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখার পর গত দুই বছরে এত বড় ব্যবধানে কখনো কোনো ম্যাচে হারেনি ফ্লোরিডার ক্লাবটি।

মিনেসোটার ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ ফিল্ডে হওয়া এ ম্যাচে মাঠে ছিলেন না লুইস সুয়ারেজ। চোটের কারণে দর্শক হয়ে ছিলেন উরুগুয়ের তারকা এ ফরোয়ার্ড। তবে ডেভিড বেকহামের ক্লাবটি আক্রমণে নয়, খাবি খেয়েছে রক্ষণে। লড়াইয়ের প্রথমার্ধে মিনেসোটাকে লিড এনে দেন বঙ্গোকুহলে হোলাগোয়ানে ও অ্যান্থনি মারকানিস। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৪৮ মিনিটে মিয়ামির জার্সি গায়ে একটি গোল শোধ করেন মেসি। জর্দি আলবার ঠেলে দেওয়া বল প্রতিপক্ষের জালে পাঠিয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ারের ৮৬০তম গোলের দেখা পেয়ে যান এ সুপারস্টার।

দুর্ভাগ্য বলতে হয়! মেসি গোল পাওয়ায় দল খেলায় ফিরবে কী, উল্টো আরো পিছিয়ে পড়ে নিজেদের ভুলে। ম্যাচের ৬৮ মিনিটে মিয়ামির রক্ষণভাগের ফুটবলার মার্সেলো ভেইগান্ট বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালই কাঁপিয়ে দেন। ৭০ মিনিটে মিনেসোটার জয়ের ব্যবধান আরো একধাপ বাড়িয়ে দেন রবিন লড। তাতে বড় ব্যবধানের পরাজয়ের স্বাদ হজম করেই মাঠ ছাড়ে অতিথিরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন