বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ আজ

টিকতে হলে জিততে হবে

টিকতে হলে জিততে হবে

প্রথম ম্যাচে বড় হারের পর চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের জন্য হিসাবটা আরো ছোট হয়ে গেছে। আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে সেই হিসাব ‘বন্ধ’ হবে নাকি সম্ভাবনার দুয়ার খুলবে? রাওয়ালপিন্ডিতে এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। হিসাবটা সহজ, টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে, হারলেই বিদায় ঘণ্টা। চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে পাকিস্তানকে ৬০ রানে হারিয়ে নিউজিল্যান্ড স্বপ্ন বুনছে সেমিতে খেলার। আজ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে জয় তাদের সেই স্বপ্ন পূরণ করবে।

সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে যে ম্যাচে নিউজিল্যান্ড নামছে তাতে সম্ভাবনার একটা ক্ষেত্রফল বাংলাদেশ আঁকছে। গ্রুপে পর্বের বাকি দুই ম্যাচ জিততে পারলে শেষ চারের অন্যতম দাবিদার হতে পারে বাংলাদেশও!

বিজ্ঞাপন

আপাতত এত দূরের স্বপ্ন সরিয়ে আজকের ম্যাচের বাস্তবতার মধ্যে থাকুক বাংলাদেশ। কঠিন সেই বাস্তবতা জানাচ্ছে রাওয়ালপিন্ডিতে আজ দলের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কারণ আর কিছু নয়, দুই দলের ফর্ম! দুর্দান্ত ফর্মে রয়েছে নিউজিল্যান্ড। পাকিস্তানের মাটিতে এখন পর্যন্ত পেছনের চার ম্যাচে অপরাজেয় তারা। তিনজাতি টুর্নামেন্ট জিতেছে। চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিতে জিতেছে ৬০ রানে। ব্যাটে-বলে চনমনে অবস্থায় রয়েছে পুরো দল। অন্যদিকে বাংলাদেশ এই টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচে হারের ধরন এবং ধাক্কায় পুরো দিশাহারা। টপঅর্ডার ব্যাটিং ভারত ম্যাচে যা করেছে তার ব্যাখ্যায় এক শব্দই জুতসইÑ ডিজঅর্ডার! ৩৫ রানে ৫ উইকেট হারানো, টপঅর্ডার তিন ব্যাটারের শূন্য রানে আউটের দুঃসহ সময় তাড়া করছে বাংলাদেশ দলকে।

রাওয়ালপিন্ডিতে আজ টপঅর্ডার ব্যাটাররা সেই দুর্নাম কি ঘোচাতে পারবেন? মাহমুদউল্লাহ রিয়াদ একাদশে ফিরছেন আজ। তাহলে আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়ছেন কে? ওপেনার সৌম্য সরকার কি আজকের একাদশে থাকছেন? নাকি মুশফিকুর রহিম বাদ পড়ছেন? পেসার নাহিদ রানাকেও খেলানোর পরিকল্পনা করছে বাংলাদেশ, সেটা কার জায়গায়? এমন অনেক প্রশ্নের সমীকরণ মিলিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামতে হচ্ছে বাংলাদেশকে।

অতীত যদি অনুপ্রেরণা হয় তাহলে চ্যাম্পিয়নস ট্রফিতে প্রতিপক্ষ হিসেবে নিউজিল্যান্ডই হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ‘সাহস’। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে এখন মাত্র দুটি জয় পেয়েছে বাংলাদেশ। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। আর সর্বশেষ ২০১৭ সালে নিউজিল্যান্ডকে হারিয়েছিল। কার্ডিফে কিউইদের বিরুদ্ধে সেই জয় ওয়ানডে ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের অন্যতম ফাইটব্যাক ম্যাচ হিসেবে চিহ্নিত। সেই ম্যাচে নিউজিল্যান্ডের ২৬৫ রান তাড়া করতে নেমে বাংলাদেশ ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল। সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ পঞ্চম উইকেট জুটিতে ২২৪ রান যোগ করে বাংলাদেশকে জয় এনে দেন। দুজনেই সেঞ্চুরি করেন। বাংলাদেশ ম্যাচ জিতে ৫ উইকেটে। রাওয়ালপিন্ডিতে আজকের চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডকে দেখে মাহমুদউল্লাহর নিশ্চয়ই ২০১৭ সালের সেই সেঞ্চুরি এবং ম্যাচ জয়ের সুখস্মৃতি মনে পড়ার কথা।

কার্ডিফে জয়ী সেই ম্যাচের আরো অনেকে খেলছেন এবারের দলেও। নিউজিল্যান্ড দলেও রয়েছেন সেই ম্যাচে হারা কেন উইলিয়ামসন, মিচেল স্যান্টনার। নিশ্চয়ই তারাও সাত বছর পুরোনো কার্ডিফের সেই দুঃখ রাওয়ালপিন্ডিতে ভুলতে চাইবেন? আর বাংলাদেশ চাইছে রাওয়ালপিন্ডিতে আজ ২০১৭ সালের কার্ডিফকে ফিরিয়ে আনতে। পারবে বাংলাদেশ? সেই প্রশ্নের উত্তর মিলবে বেলা ৩টা থেকে। নিউজিল্যান্ড ম্যাচ শুরুর সময় ওটা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন