গিলের ডাবল সেঞ্চুরিতে রানপাহাড়ে ভারত

গিলের ডাবল সেঞ্চুরিতে রানপাহাড়ে ভারত

শুবমান গিল দুর্দান্ত এক ব্যাটসম্যান। ভারতের অধিনায়কত্ব পাওয়ার পর যেন হয়ে উঠেছেন আরো মারকুটে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টেই পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। এবার এজবাস্টনের দ্বিতীয় টেস্টেও হেসেই চলেছে তার ব্যাট। দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন প্রথম দিন থেকেই। আলো ঝলমলে ব্যাটিংয়ে জাদুকরী তিন অঙ্কের দেখা পেয়ে যান ওই দিনই। দ্বিতীয় দিনেও ঝলক দেখান গিল। প্রথম দিনের সেঞ্চুরিটাকে দ্বিতীয় দিনে রূপ দেন ডাবল সেঞ্চুরিতে। তাতে টেস্টে ইতিহাস গড়েন ভারতীয় অধিনায়ক শুবমান গিল। অধিনায়ক হিসেবে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই হাঁকালেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি।

বিজ্ঞাপন

৩৭৪ বলে ২৯ বাউন্ডারি ও ৩ ছক্কায় ২৬১ রানের দুর্বার ইনিস খেলে এখনো ব্যাটিং করে যাচ্ছেন। তার দ্বিশতকের সুবাদে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৫৫৯ রানের পাহাড় গড়েছে ভারত। রবীন্দ্র জাদেজা সাজঘরে ফেরার আগে দলীয় স্কোরে যোগ করেন ৮৯ রান। ষষ্ঠ উইকেটে শুবমান গিলের সঙ্গে গড়েন ২০৩ রানের দাপুটে এক পার্টনারশিপ। ৪২ রান করেন ওয়াশিংটন সুন্দর।

এই ডাবল সেঞ্চুরি হাঁকানোর মধ্য দিয়ে ইংল্যান্ডের মাটিতে দ্বিশতক হাঁকানো প্রথম ভারতীয় অধিনায়ক তিনি। তার আগে ১৯৯০ সালে মোহাম্মদ আজহারউদ্দিন করেছিলেন সর্বোচ্চ ১৭৯ রান। এই ডাবল সেঞ্চুরি ভারতীয় ব্যাটার হিসেবে তৃতীয়। তার আগে ইংল্যান্ডে কেবল গাভাস্কার (২২১) ও দ্রাবিড় (২১৭) নাম লেখাতে পেরেছিলেন ডাবল সেঞ্চুরিতে। ভারতের হয়ে টেস্টে ডাবল সেঞ্চুরি করা ষষ্ঠ অধিনায়ক হলেন গিল।

সংক্ষিপ্ত স্কোর

ভারত প্রথম ইনিংস : ৫৫৯/৭, ১৪০ ওভার (জয়সওয়াল ৮৭, শুবমান ২৬১ ব্যাটিং, জাদেজা ৮৯; ওকস ২/৮১)। অসমাপ্ত

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন