চট্টগ্রামে জয়ের আশায় বাংলাদেশ

চট্টগ্রামে জয়ের আশায় বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে হারের পর ঘুরে দাঁড়ানোর আশায় চট্টগ্রামে গেছে বাংলাদেশ দল। মাঠের বাইরের অন্যসব আলোচনায় একরকম চাপা পড়েছে জাতীয় দলের ব্যর্থতার এই খবর। তবে মাঠের বাইরে ক্রিকেট নিয়ে যাই ঘটুক, এবার ঘুরে দাঁড়াতে মরিয়া নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচ শুরুর আগে সেটাই জানিয়েছেন জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্স। তবে এই ম্যাচের আগে কোচের জন্য চিন্তার কারণ দলের ব্যাটিং ব্যর্থতা। ব্যাটিংয়ের এই ব্যর্থতার দায়েই সিলেটে ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে পড়েছে। এবার চট্টগ্রামে হারলে হোয়াইটওয়াশের কলঙ্ক যোগ হবে নাজমুল হোসেন শান্ত দলের ওপর। হোয়াইটওয়াশের ওই লজ্জা থেকে বাঁচতে আজ সকাল ১০টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

চট্টগ্রাম টেস্টের আগে স্কোয়াডে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। জাকির হাসান ও নাহিদ রানার জায়গায় দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয় ও তানভীর ইসলাম। পিএসএল খেলতে যাওয়ার জন্য অনাপত্তিপত্র পাওয়ায় নাহিদ রানা চট্টগ্রাম টেস্টে নেই। আর সিলেট টেস্টের একাদশে জায়গা না পেয়েও বাদ পড়েছেন জাকির। সেই ঘাটতি মেটাতে বিজয় ও তানভীর ডাক পেয়েছেন দলে। তাতে খানিকটা আন্দাজ করা যাচ্ছে ওপেনিংয়ে আসতে পারে পরিবর্তন। অবশ্য এটা অবশ্যম্ভাবী- কারণ সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় জুটি যে ওপেনিংয়ে টানা ব্যর্থ। তাদের ওই ব্যর্থতার কারণে বারবারই ধসে পড়ছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ব্যাটিংয়ের এই ব্যর্থতা ঘোচাতে লাইনআপে বাড়তি ব্যাটার খেলানো হবে কি না সেই প্রশ্নে অবশ্য সিমন্সের স্পষ্ট উত্তর ছিল- পাঁচজন বোলারই খেলানো হবে। পাশাপাশি বলেন, তিনি বুঝতে পারছেন উইকেটে থাকতে পারে বাড়তি টার্ন। তাতে স্পষ্ট হচ্ছে, জিম্বাবুয়ে বধে এবার নিজেদের পুরোনো কৌশল স্পিনের ওপর নির্ভর করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

সাম্প্রতিক পারফরম্যান্সে বাংলাদেশের অবস্থা যা-ই হোক না, জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামের পুরোনো স্মৃতি অবশ্য বাংলাদেশের পক্ষেই কথা বলছে। সবশেষ ২০১৪ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে মাঠে নেমেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। সেবার স্বাগতিকরা পায় ১৮৬ রানের বিশাল জয়। এবার সেই পুরোনো স্মৃতি ফিরিয়ে জয় তুলে নিতে পারে কি না সেটাই এখন দেখার অপেক্ষা। তবে চট্টগ্রামের মাঠে খেলা শেষ দুই টেস্টে একরকম হেনস্তা হয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো ধরনের প্রতিরোধই গড়তে পারেনি। এবার সেই ধারাবাহিকতা ভেঙে চট্টগ্রামের মাটিতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন