টটেনহামকে উড়িয়ে শিরোপা জিতল লিভারপুল

টটেনহামকে উড়িয়ে শিরোপা জিতল লিভারপুল

টটেনহাম হটস্পারের বিপক্ষে ড্র করলেই চলতো লিভারপুলের। কিন্তু স্পার্সদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করল মার্সিসাইডের ক্লাবটি। টটেনহামকে ৫-১ গোলে উড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করল আর্নে স্লটের দল।

বিজ্ঞাপন

প্রিমিয়ার লিগে এটা লিভারপুলের ২০তম শিরোপা। ইংল্যান্ডের শীর্ষ লিগে যৌথভাবে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড গড়ল অল রেড হিসেবে পরিচিত ক্লাবটি। ২০টি শিরোপা নিয়ে এতোদিন এককভাবে তালিকার শীর্ষে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড৷ এবার রেড ডেভিলদের পাশে বসলো লিভারপুল।

দীর্ঘ পাঁচ মৌসুম পর লিগ শিরোপা জয়ের অপেক্ষা ফুরাল লিভারপুলের। এর আগে সবশেষ ২০১৯-২০ মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলেছিল জায়ান্টরা। এরপর পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির একাধিপত্যের কারণে কেবল অপেক্ষায় বেড়েছে লিভারপুলের।

৪ রাউন্ড বাকি থাকতেই শিরোপা জিতল লিভারপুল। ৩৪ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৮২ পয়েন্ট। সমান ম্যাচে আর্সেনালের সংগ্রহ ৬৭ পয়েন্ট। টেবিলের দুইয়ে অবস্থান করছে মিকেল আর্তেতার শিষ্যরা।

অ্যানফিল্ডে হারলেও ১২ মিনিটে সোলাঙ্কের গোলে এগিয়ে যায় টটেনহাম। ৪ মিনিট পর স্বাগতিকদের ম্যাচে ফেরান লুইস দিয়াস। এরপর একবার করে অতিথিদের জালে বল পাঠান ম্যাক অ্যালিস্টার, কোডি গাকপো ও মোহাম্মদ সালাহ। বাকিটা আত্মঘাতী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন