নারী এশিয়ান কাপ বাছাই

আত্মবিশ্বাসী বাংলাদেশের সামনে আজ মিয়ানমার

আত্মবিশ্বাসী বাংলাদেশের সামনে আজ মিয়ানমার

ইয়াঙ্গুনে চলমান এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে আজ বুধবার স্বাগতিক মিয়ানমার ও বাংলাদেশ মুখোমুখি হবে। থুয়ানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচের আগে দারুণ উজ্জীবিত বাংলাদেশ নারী ফুটবল দল। কেননা বাছাই পর্বের শুরুটা দুর্দান্ত হয়েছে। প্রথম ম্যাচে র‌্যাংকিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে বিধ্বস্ত করেন শামসুন্নাহার, তহুরা, ঋতুপর্ণারা। এ জয়ই শক্তিশালী মিয়ানমারের বিপক্ষে আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে তাদের।

বিজ্ঞাপন

বাহরাইনের তুলনায় অনেক কঠিন প্রতিপক্ষ মিয়ানমার। ফিফা র‌্যাংকিংয়ে ৫৫তম অবস্থানে রয়েছে দলটি। র‌্যাংকিংয়ে ১২৮তম অবস্থানে আছে বাংলাদেশ। ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমার খেলতে নিজের ঘরের মাঠে। চেনা কন্ডিশনে পরিচিত দর্শকের সমর্থন পাবেন তারা। ফলে বাংলাদেশের সামনে মিয়ানমার ম্যাচটি যে কঠিন চ্যালেঞ্জের হতে যাচ্ছে, সেটি বাড়িয়ে বলার অপেক্ষা রাখে না। অতীত পরিসংখ্যানেও এগিয়ে মিয়ানমার। ২০১৮ সালের নভেম্বরে অলিম্পিকের বাছাইয়ে মিয়ানমারের কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

সব দিক থেকে এগিয়ে থাকলেও মিয়ানমারের বিপক্ষে সমান তালে লড়াই করতে চান বাংলাদেশের নারী ফুটবলাররা। মিডফিল্ডার স্বপ্না রানী জানান, ‘বাহরাইনের পর কালকে (আজ) আমাদের বড় ম্যাচ মিয়ানমারের বিপক্ষে। তাই এই ম্যাচকে ঘিরেই আমাদের সব মনোযোগ। কোচের দেওয়া ছক অনুযায়ীই আমরা খেলার চেষ্টা করব মাঠে। আশা করছি, ভালো একটি ম্যাচ হবে।’ নারী দলের ফরোয়ার্ড সুরভী আখন্দ বলেন, ‘আমি মাঠে নামার সুযোগ পেলে নিজেকে উজাড় করে খেলার চেষ্টা করব। কারণ, অনুশীলন ভালো হয়েছে। কোচের দেওয়া নির্দেশনা অনুযায়ী আমরা ভালো খেলার চেষ্টা করব।’

আরেক ফরওয়ার্ড শাহেদ আক্তার রিপা বলেন, ‘র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা বাহরাইনকে হারিয়েছি। এবার পালা মিয়ানমারের। স্বাগতিক দলটিকে হারিয়েই মাঠ ছাড়তে চাই। এই জয় আমাদের প্রথমবারের মতো মূল পর্বে খেলতে সহযোগিতা করবে। তাই আমাদের সব ভাবনা এই ম্যাচকে ঘিরে।’

আজ মিয়ানমারকে হারাতে পারলে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার লক্ষ্য পূরণের পথে এগিয়ে যাবে বাংলাদেশ নারী দল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন