রাজবাড়ির দৌলতদিয়া ফেরি ঘাটে বাস ডুবির ঘটনায় প্রাণহানির ঘটনায় শোকাহত পুরো দেশ। এ ঘটনার শোক ছুঁয়েছে ক্রিকেটারদেরও। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন তারা।
জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ লেখেন, ‘সকালে যারা ঘর থেকে বের হয়েছিলেন, কেউই ভাবেননি এটাই শেষ যাত্রা…পদ্মার এই দুর্ঘটনা সত্যিই হৃদয় ভেঙে দেয়। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি রইল গভীর সমবেদনা। আল্লাহ সবাইকে ধৈর্য দান করুন।’
জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্ষতিগ্রস্ত প্রত্যেক মানুষকে দোয়ায় রাখছি—আল্লাহ তাদের পরিবারকে ধৈর্য আর আরোগ্য দান করুন।’ আরেক ক্রিকেটার তাওহিদ হৃদয় লেখেন, “কী মর্মান্তিক দুর্ঘটনা! আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘...পানিতে ডুবে মৃত ব্যক্তি শহীদ’। আল্লাহপাক এই শহীদদের পরিবারকে শোক সহ্য করার ক্ষমতা দিক।”
এছাড়া শোক প্রকাশ করেছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিমসহ আরো অনেক ক্রিকেটার। মুশফিকুর রহিম তার শোক বার্তায় লেখেন, ‘বাস দুর্ঘটনার সেই ভিডিও দেখে নিজেকে খুব অসহায় লেগেছে। বুকভরা হাহাকার নিয়ে সবাইকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে থাকার তৌফিক দিন, এটাই প্রার্থনা।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

