সাফ অনূর্ধ্ব ১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালকে পাত্তাই দিলো না বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে হিমালয় কন্যাদের ৪-১ গোলে বিধ্বস্ত করেছে। বাংলাদেশের বড় জয়ের দিনে হ্যাটট্রিক করেছেন সৌরভী আকন্দ প্রীতি।
ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচজুড়ে নেপালের বিপক্ষে আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। তাদের দারুণ সব আক্রমণে অনেকটা দিশেহারা ছিল নেপাল। তাদের জালে দুই অর্ধে সমান দুইবার করে বল পাঠায় বাংলাদেশ। ফিনিশিংয়ের ব্যর্থতার কারণে জয়ের ব্যবধান আরো বড় করতে পারেনি দলটি।
প্রথম গোলের জন্য ৩৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। মাঠের ডানদিক দিয়ে একক নৌপুণ্যে বল নিয়ে এগিয়ে মাটি কামড়ানো কোনাকুনি শটে নেপাল গোলরক্ষককে পরাস্ত করেন ফরোয়ার্ড থুইনুইয়ে মারমা। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান বাড়ান প্রীতি।
২মিনিটের মাথায় একটি গোলের শোধ দেয় নেপাল। বাংলাদেশের রক্ষণের খেলোয়াড়দের গা ছাড়া মনোভাবের সুযোগ নিয়ে জাল কাঁপিয়ে দেন ভূমিকা। ২-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
৭১ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন প্রীতি। কর্নার থেকে উড়ে আসা বলকে পা ছুঁইয়ে জালে পাঠান তিনি। ১৬ মিনিট পর দলের হয়ে শেষ গোলটি করেন প্রীতি। ডানদিক দিয়ে এক সতীর্থের বাড়ানো বলে ঠিকানা খুঁজে নেন বদলি হিসেবে নামা এই ফরোয়ার্ড। সেই সঙ্গে হ্যাটট্রিক পূর্ণ হয় তার। বিপরীতে এই অর্ধে একবারও বাংলাদেশের জাল কাঁপাতে পারেনি নেপাল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

