আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এশিয়ান আরচ্যারিতে বাংলাদেশের স্বর্ণ জয়

স্পোর্টস রিপোর্টার

এশিয়ান আরচ্যারিতে বাংলাদেশের স্বর্ণ জয়

ফুটবলে ভিয়েতনামের বিপক্ষে জয়ের আক্ষেপ থাকলেও, ঠিক তার পরদিনই আরচ্যারিতে সেই হতাশা ভুলিয়ে দিল বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান আরচ্যারি টুর্নামেন্টে কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ।

ফাইনালে দারুণ পারফরম্যান্স দেখান বাংলাদেশের তিন আরচ্যার—হিমু বাছাড়, রাকিব নেওয়াজ ও ঐশ্বর্য। নির্ভুল নিশানায় তারা সংগ্রহ করেন ২৩১ পয়েন্ট। অন্যদিকে ভিয়েতনাম পায় ২২৫ পয়েন্ট। ছয় পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে শিরোপা ঘরে তোলে বাংলাদেশ।

এবারের টুর্নামেন্টে বাংলাদেশের প্রত্যাশা ছিল বেশি, তবে একক ও মিশ্র কোনো ইভেন্টেই সেমিফাইনালে উঠতে পারেনি দল। শেষ পর্যন্ত কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টই এনে দেয় সাফল্যের মুখ।

এর আগে গত আসরে রিকার্ভ পুরুষ এককে স্বর্ণ জিতেছিলেন আরচ্যার আব্দুর রহমান আলিফ। বাংলাদেশের আরচ্যারির সাফল্য এতদিন মূলত রিকার্ভ বিভাগকেন্দ্রিক হলেও, সাম্প্রতিক সময়ে কম্পাউন্ডে জোর দেওয়ার সুফল মিলতে শুরু করেছে।

এ সাফল্যের পর বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন এবং এশিয়ান আরচ্যারি ফেডারেশনের সভাপতি কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল পদকজয়ীদের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: