দায়িত্বহীনতাকেই ব্যর্থতা মানছেন মিরাজ

দায়িত্বহীনতাকেই ব্যর্থতা মানছেন মিরাজ

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের ছুড়ে দেওয়া মাত্র ১৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০৯ রানে থামে বাংলাদেশের ইনিংস। বাজে ব্যাটিং প্রদর্শনীতে ম্যাচ হারা বাংলাদেশ পড়েছে সমালোচনার মুখে। ব্যাটাররা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেÑএমন সমালোচনার ঝড় উঠেছে। ম্যাচশেষে পুরস্কার বিতরণী মঞ্চে দায়িত্ব নিতে না পারার ব্যর্থতার কথা অকপটে স্বীকার করে নেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। পাশাপাশি এই সিরিজ হারের ভুল থেকে শিক্ষা নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশার কথা শোনান তিনি।

আবুধাবিতে আগে বল করতে নেমে আফগানিস্তানকে মাত্র ১৯০ রানে আটকে দেয় বাংলাদেশ। আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে বাড়তি স্পিনার নিয়ে একাদশ সাজায় লাল-সবুজের প্রতিনিধিরা। পরিবর্তনের ওই সাফল্য হাতেনাতেই ধরা দেয়। সে কারণে বোলারদের নিয়ে অধিনায়কের কণ্ঠে ছিল প্রশংসার ফুলঝড়ি। তিনি বলেন, ‘আমরা মনে হয়, আমরা দারুণ বোলিং করেছি। আমরা এই লক্ষ্য তাড়া করতে পারতাম। কিন্তু খুব বাজে ব্যাটিং করেছি আজকে (গতকাল)।’

বিজ্ঞাপন

প্রথম ওয়ানডে হারের পর বড় জুটি না হওয়ার আক্ষেপের কথা বলেন তিনি। সেই কথা স্মরণ করে মিরাজ বলেন, ‘আমি বলেছিলাম, টপ অর্ডারে আমাদের বড় জুটি দরকার। কিন্তু সেটা আমরা করতে পারিনি। জুটি শুরু করেছিলাম কিন্তু দায়িত্ব নিতে পারিনি। এটাই আমাদের সমস্যা। আমাদের ব্যাটাররা পর্যাপ্ত দায়িত্ব নিতে পারেনি।’

সহজ জয়ের সুযোগ হাতছাড়া করে হতাশ বাংলাদেশ অধিনায়ক মিরাজ। তার কথায়, ‘আমরা এই মুহূর্তে প্রচণ্ড হতাশ। আমাদের এখনো একটি ম্যাচ বাকি আছে। এরপর আরেকটি সিরিজ আছে। আমাদের এখন চিন্তা করতে হবে কীভাবে ঘুরে দাঁড়াব। আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। আমরা যদি ওয়ানডেতে রান করতে না পারি, তাহলে আমরা জিততে পারব না।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন