মেসিদের বিশ্বকাপ সঙ্গী ‘নাম্বার টেন’

স্পোর্টস ডেস্ক

মেসিদের বিশ্বকাপ সঙ্গী ‘নাম্বার টেন’

কাতার বিশ্বকাপ জয়ের স্মৃতি এখনও তাজা আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের মনে। তবে সময় থেমে নেই। নতুন লক্ষ্য এখন ২০২৬ বিশ্বকাপ। উত্তর আমেরিকার মাটিতে শিরোপা ধরে রাখার মিশনে প্রস্তুতি নিচ্ছে লিওনেল স্কালোনির দল। আর সেই অভিযানে লিওনেল মেসিদের সঙ্গী হচ্ছে আবেগ, ইতিহাস আর সৌভাগ্যের প্রতীক হয়ে ওঠা একটি বিশেষ বিমান ‘নাম্বার টেন’।

আর্জেন্টিনার রাষ্ট্রীয় বিমান সংস্থা ‘অ্যারোলিনিয়াস আর্জেন্টিনাস’ জাতীয় দলের জন্য বিশেষভাবে প্রস্তুত করেছে একটি এয়ারবাস। বুয়েনস এইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা। নীল-সাদা রঙে মোড়ানো এই বিমান যেন আকাশে ভেসে বেড়ানো এক টুকরো আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

বিমানের সবচেয়ে বড় আকর্ষণ এর লেজে আঁকা বিখ্যাত ‘নাম্বার টেন’। যে নম্বর একসময় দিয়েগো ম্যারাডোনার পায়ে কিংবদন্তি হয়েছিল, এখন যা লিওনেল মেসির পরিচয়ের অংশ। শুধু তাই নয়, বিমানের দুই ইঞ্জিনে রাখা হয়েছে অধিনায়কের আর্মব্যান্ডের প্রতীক ‘সি’ এবং আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপ জয়ের প্রতীকী তিন তারা।

অ্যারোলিনিয়াস আর্জেন্টিনাসের হ্যাঙ্গার শিফট ম্যানেজার পাবলো দা গ্রাভা জানিয়েছেন, এই বিমানের প্রতিটি অংশ তৈরি করা হয়েছে বিশ্বকাপ জয়ের স্বপ্নকে সামনে রেখে। তিনি বলেন, ‘এই বিমানটির মূল ভাবনাই হলো, চতুর্থ বিশ্বকাপ ট্রফি জয়ের অভিযানে জাতীয় দলের সঙ্গী হওয়া। আমাদের কর্মীরা দিনরাত কাজ করেছেন এর র‌্যাপিং, লেজ, ইঞ্জিন এবং নিচের অংশ সাজাতে। আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি ‘১০’ নম্বরের ওপর, কারণ এটি প্রতিটি আর্জেন্টাইনের আবেগের নাম।’

আর্জেন্টাইন ফুটবলারদের কুসংস্কার আর সৌভাগ্যের বিশ্বাসও এই বিমানের সঙ্গে জড়িয়ে আছে। ২০২২ কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের সময়ও দলটি একই ধরনের বিশেষ এয়ারবাসে ভ্রমণ করেছিল। তাই এবারও সেই সৌভাগ্যের পুনরাবৃত্তি দেখতে চান স্কালোনির শিষ্যরা। পাবলো আরও বলেন, ‘আমাদের উদ্দেশ্য ছিল এমন একটি বিমান তৈরি করা, যা পুরো পৃথিবীর সামনে আর্জেন্টিনাকে তুলে ধরবে। জাতীয় দলকে বহন করার সুযোগ আমাদের জন্য গর্বের এবং আবেগের।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...