ম্যাসথেনিয়া গ্রাভিসে ভুগছেন টেনিসের সাবেক নাম্বার ওয়ান হাঙ্গেরীয় বংশোদ্ভূত যুগোস্লাভিয়া-যুক্তরাষ্ট্রের তারকা মনিকা সেলেস। অ্যাসোসিয়েট প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে ৫১ বছর বয়সি মনিকা নিজেই জানিয়েছেন তার এই রোগের কথা।
অস্ট্রেলিয়ান, ফ্রেঞ্চ ও ইউএস ওপেন মিলিয়ে ক্যারিয়ারে ৯টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন মনিকা, খেলেছেন উইম্বলডন ফাইনাল। ২০০৯ সালে কিংবদন্তি এই খেলোয়াড় বিশ্ব টেনিসের হল অব ফেমে জায়গা করে নেন।
মাত্র ১৬ বছর বয়সে ১৯৯০ সালে ফ্রেঞ্চ ওপেনে সর্বকনিষ্ঠ টেনিস খেলোয়াড় হিসেবে শিরোপা জিতেন মনিকা। ধারাবাহিকতা ধরে রেখে নিজের ২০তম জন্মদিনের পূর্বেই আটটি গ্র্যান্ড স্লামের এককে শিরোপা জয় করেন।
১৯৯৩ সালে খেলার মাঠে মনিকাকে ছুরিকাঘাত করে হত্যার চেষতা করা হয়। ফলশ্রুতিতে পরবর্তী দুই বছর টেনিস থেকে বাইরে থাকেন তিনি। এরপর ১৯৯৫ সালে পুনরায় টেনিস জগতে ফিরে আসেন ও কিছু সফলতা পান। ১৯৯৪ সালে মার্কিন নাগরিকত্ব লাভের পর ১৯৯৬, ১৯৯৯ ও ২০০০ সালের ফেড কাপে মার্কিন দলকে শিরোপা জিততে সহায়তা করেন।
২০০৩ সালের ফ্রেঞ্চ ওপেন প্রতিযোগিতার সর্বশেষ পেশাদার খেলায় অংশ নেন মনিকা। ২০০৮ সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে টেনিস থেকে তার অবসরের ঘোষণা দেন এই কিংবদন্তি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

