ফের রাজত্ব ফিরে পেলেন নীরজ চোপড়া। দীর্ঘ ৯ মাস পর জ্যাভলিনের বিশ্ব র্যাংকিংয়ে নাম্বার ওয়ান পজিশন পুনরুদ্ধার করলেন ভারতের এ অলিম্পিক স্বর্ণপদক জয়ী। টোকিও অলিম্পিকে স্বর্ণ জিতেছিলেন নীরজ। গত বছর প্যারিস অলিম্পিকে অবশ্য সেরা হতে পারেননি। পাকিস্তানের আরশাদ নাদিমের কাছে শ্রেষ্ঠত্ব হারিয়েছিলেন।
রৌপ্যপদকেই সন্তুষ্ট থাকতে হয়েছিল নীরজকে। গত বছরটা যাচ্ছেতাই বাজে কেটেছে তার। কারণ নীরজের পিছু ছাড়েনি চোট। হারিয়ে ফেলেছিলেন শীর্ষ স্থান। কিন্তু বিশ্ব অ্যাথলেটিকস নতুন যে র্যাংকিং প্রকাশ করেছে, সেখানে পুনরায় শীর্ষস্থানটা ফিরে পেয়েছেন নীরজ।
সবার ওপরে ওঠা নীরজের পয়েন্ট এখন ১৪৪৫। তারপর ১৪৩১ পয়েন্টের পুঁজি নিয়ে দ্বিতীয় স্থানে আছেন গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স। তৃতীয় স্থানটা দখলে রেখেছেন জুলিয়ান ওয়েবার। জার্মান এ তারকা সংগ্রহ ১৪০৭ পয়েন্ট। অলিম্পিক চ্যাম্পিয়ন পাকিস্তানের তারকা নাদিম ১৩৭০ পয়েন্ট নিয়ে আছেন চারে।
গত মে-তে দুটি ডায়মন্ড লিগে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন নীরজ। সে সুবাদেই শীর্ষ স্থানে ফিরতে পেরেছেন। প্রথমে দোহায় জেতেন রৌপ্যপদক। দোহায় রুপা পেলেও সেখানে নিজের ক্যারিয়ারে প্রথমবারের মতো ৯০ মিটার দূরে বর্শা নিক্ষেপ করেন নীরজ। পরে প্যারিস ডায়মন্ড লিগে জেতেন স্বর্ণ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

