চ্যাম্পিয়ন্স ট্রফি

আফগানিস্তানের বিপক্ষে খেলবে ইংল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে খেলবে ইংল্যান্ড

নারী অধিকারে তালেবান সরকারের হস্তক্ষেপের অভিযোগ এনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচ নিয়ে শঙ্কা তৈরি হয়। যদিও সে শঙ্কা দূর করলেন রিচার্ড থম্পসন। ইংল্যান্ডে অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান জানালেন, আফগানিস্তানের বিপক্ষে খেলবে জস বাটলাররা।

২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবানরা। এরপর থেকে দেশটিতে ক্রীড়াঙ্গণে নারীদের নিষিদ্ধ করা হয়। এজন্য আফগানিস্তানের সঙ্গে একাধিক সিরিজ বয়কট করে অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

আফগানিস্তানে তালেবান শাসন ইস্যুতে অস্ট্রেলিয়ার কাতারে এসে দাঁড়ায় ব্রিটেনের পার্লামেন্ট সদস্যরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচ বাতিলের দাবিতে গত মাসে ইসিবির কাছে চিঠি পাঠায় ব্রিটিশ পার্লামেন্টের ১৬০ জন সদস্য। যদিও এই দাবিতে একমত হতে পারেননি ইংলিশ দলফতি বাটলার। বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথাও বলেন তিনি। এবার অধিনায়কের মতোই মোহাম্মদ নবি, রশিদ খানদের স্বস্তি খবর দিলেন থম্পসন। একই সঙ্গে আফগানিস্তানে ক্রীড়াঙ্গণে নারী ফিরিয়ে আনার জন্য আইসিসির প্রতি আহ্বান জানিয়েছেন ইসিবি প্রধান।

থম্পসন বলেন, ‘আমরা নিশ্চিত করেছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি খেলব। আমরা মনে করি আন্তর্জাতিক ক্রিকেট সম্প্রদায়ের সমন্বিত ব্যবস্থা নেওয়াটাই সঠিক পথ। যেটা ইসিবির একতরফা ম্যাচ বয়কটের চেয়ে বেশি ফলপ্রসু হবে। আমরা আরও শুনেছি অনেক সাধারণ আফগানদের জীবনে যে কয়টি আনন্দের উৎস টিকে আছে তার মধ্যে ক্রিকেট দল অন্যতম।’

তিনি আরও বলেন, ‘আফগানিস্তানে যা হচ্ছে সেটা নারী-পুরুষ বৈষম্য ছাড়া অন্য কিছু না। নারী ও মেয়েশিশুদের ক্রিকেট যখন পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে তখন আফগানিস্তানে যারা বড় হচ্ছে তাদের এই সুযোগ না দেওয়াটা দু:খজনক।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন