আজ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। তবে এই সিরিজ সহজ হবে না বলে জানালেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। গতকাল শ্রীলঙ্কার সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করব। তবে সহজ হবে না। তারা (শ্রীলঙ্কা) তাদের হোম কন্ডিশনে ভালো দল। আমরা চেষ্টা করব শতভাগ ক্রিকেট খেলার।’ লিটন মনে করেন, বাংলাদেশের চেয়ে বোলিংয়ে কিছুটা এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা।
এদিকে, ওয়ানডে সিরিজে একটি মাত্র ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন লিটন। দুই ম্যাচেই সাইড বেঞ্চে বসে ছিলেন। লিটন বলেন, ‘এখানে ছন্দ বলতে কোনো বিষয় না, ভালো খেলতে পারিনি বলে আমি বেঞ্চে বসে ছিলাম। এ সময়ে টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য যে প্র্যাকটিসটা করা দরকার, সেটি করেছি। চেষ্টা করব মাঠে এটা কাজে লাগানোর।’
টেস্ট ও ওয়ানডে খেলার পর টি-টোয়েন্টিতে মানিয়ে নেওয়া কঠিন হবে কি নাÑএমন প্রশ্নে লিটন জানান, ‘আমরা পেশাদার খেলোয়াড়। আমার মনে হয় না এটাতে কোনো সমস্যা হবে।’ সর্বশেষ দুটি টি-টোয়েন্টিতে ভালো খেলেনি বাংলাদেশ। লিটনের প্রত্যাশা, শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারবেন তারা। নাসুম ও সাইফউদ্দিন ফেরায় দল উপকৃত হবে বলে জানান লিটন। তাদের কাছ থেকে ব্যাটিং ও বোলিং দুটিই পাওয়া যাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

