বাংলাদেশের বিপক্ষে প্রথম ২ ওয়ানডেতেও রানের দেখা পান কুশল মেন্ডিস। প্রথম ম্যাচে তার ব্যাট থেকে আসে ৪৫ রান। এরপর দ্বিতীয় একদিনের ম্যাচে খেলেন ৫৬ রানের ইনিংস। ব্যাটে রান পেলেও দুইবারই ইনিংস বড় করতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি। অবশেষে সেঞ্চুরি করে সে আক্ষেপ দূর করলেন মেন্ডিস।
সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করতে ৯৫ বল খেলেন মেন্ডিস। ১৬টি চার মারেন এই ব্যাটার। সেঞ্চুরি করার পথে হাঁকাতে পারেননি কোনো ছয়ের মার। এটা তার ক্যারিয়ারের ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি- বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়।
দলীয় ১০০ রানে কামিন্দু মেন্ডিস ফিরে গেলে তৃতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। তাতে মড়ক লাগে রানের চাকায়। চতুর্থ উইকেটে অধিনায়ক চারিথ আসালঙ্কাকে নিয়ে রানের চাকা সচল করেন মেন্ডিস। মূলত তাদের জুটিতে বড় পুঁজির আশা দেখছে শ্রীলঙ্কা। তাদের ব্যাটে ভর দিয়ে ৪০ ওভার শেষে স্কোরবোর্ডে ২২২ রান তোলেছে স্বাগতিকরা। সেঞ্চুরির সুযোগ আছে আসালঙ্কার সামনেও। ইতোমধ্যে ফিফটি তুলে নিয়েছেন এই মিডলঅর্ডার ব্যাটার। প্রথম ম্যাচে তার সেঞ্চুরিতেই লড়াকু পুঁজি পায় শ্রীলঙ্কা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

