সান মারিনোতে পৌঁছে দলে যোগ দিলেন হামজা

স্পোর্টস রিপোর্টার

সান মারিনোতে পৌঁছে দলে যোগ দিলেন হামজা

সান মারিনোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে পূর্ণতা পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্কোয়াড। সতীর্থদের সঙ্গে যোগ দিতে মঙ্গলবার রাতে সান মারিনোতে পৌঁছেছেন ইংল্যান্ডপ্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরী। এর মধ্য দিয়ে ইউরোপ সফরে থাকা বাংলাদেশের দলে যোগ দিলেন সব বিদেশভিত্তিক ফুটবলার।

এর আগে সামিত সোম ও জায়ান আহমেদ দলের সঙ্গে যোগ দেন। সান মারিনোতে পৌঁছেই অনুশীলনে অংশ নেন জায়ান। অন্যদিকে দীর্ঘ ভ্রমণের ক্লান্তি কাটিয়ে দলের সঙ্গে যুক্ত হয়েছেন হামজাও।

সোমবার দেশটিতে পৌঁছানোর পর প্রথম দিন রিকভারি সেশন করেছিল বাংলাদেশ। মঙ্গলবার থেকে শুরু হয়েছে পূর্ণাঙ্গ অনুশীলন। দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, দুই দিনে দুই ধরনের আবহাওয়ার মুখোমুখি হয়েছে দল। একদিন ছিল শীতল আবহাওয়া, পরদিন আবার ছিল বাংলাদেশের মতো গরম।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময় রাত ১০টা) থেকে প্রায় দেড় ঘণ্টার অনুশীলন করেছে জামাল ভূঁইয়ার দল। আগামী ৫ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

নতুন প্রধান কোচ থমাস ডুলি মনে করছেন, ম্যাচটি মোটেও সহজ হবে না। দীর্ঘ ভ্রমণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “খেলোয়াড়রা ইউরোপের মাটিতে খেলতে মুখিয়ে আছে। তারা র‌্যাঙ্কিংয়ে নিচের দিকে থাকলেও ইতালি, জার্মানি ও স্পেনের মতো দলের বিপক্ষে নিয়মিত খেলে। তাই এটি আমাদের জন্য কঠিন ম্যাচ।”

ইতালিভিত্তিক ফুটবলার ফাহমিদুল ইসলামও দলের আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন। পরিচিত পরিবেশে খেলতে নামার আগে তিনি বলেন, “এখানকার আবহাওয়া ও সংস্কৃতি আমার চেনা। চেষ্টা করব নিজের অভিজ্ঞতা দলের সঙ্গে ভাগাভাগি করতে। আমরা সবাই ইউরোপে খেলতে রোমাঞ্চিত এবং ম্যাচটি জিততে চাই।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন